২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ইন্টারনেট মস্তিষ্কের ক্ষতির কারণ হতে পারে'

ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারকারীদের সামাজিক জীবনের সঙ্গে সঙ্গে তাদের মস্তিষ্কও সম্ভবত পরিবর্তন করে ফেলে এবং পরিবর্তনটি খুব ইতিবাচক নয় বলেই বিজ্ঞানীদের ধারণা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2011, 07:03 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারকারীদের সামাজিক জীবনের সঙ্গে সঙ্গে তাদের মস্তিষ্কও সম্ভবত পরিবর্তন করে ফেলে এবং পরিবর্তনটি খুব ইতিবাচক নয় বলেই বিজ্ঞানীদের ধারণা। মস্তিস্ক স্ক্যান করে সামাজিক নেটওয়ার্ক ব্যাবহারকারীর মস্তিষ্কের নির্দিষ্ট কিছু অংশের আকারের সাথে ভার্চুয়াল জগতে তার বন্ধুর সংখ্যার সরাসরি সম্পর্ক আছে বলে দেখা গেছে। ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী ১২৫ জন শিক্ষার্থীর মস্তিষ্কের থ্রি-ডি স্ক্যান করে এ সম্পর্ক আবিষ্কার হয়েছে বলে বিবিসি জানিয়েছে। গবেষণাটি গত বুধবার লন্ডনের রয়্যাল সোসাইটির ব্যায়োলজিক্যাল সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। ওই স্বেচ্ছাসেবীরা সবাই ইন্টারনেটে সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেইসবুক ব্যবহার করে। দেখা গেছে, প্রত্যেক ব্যবহারকারীর ফেইসবুক বন্ধুর সংখ্যার সাথে তার মস্তিষ্কের নির্দিষ্ট কয়েকটি অংশের ধূসর পদার্থের সরাসরি সম্পর্ক আছে। এ গবেষণায় আরো দেখা গেছে, একজন ব্যবহারকারী ভার্চুয়াল জগতে যতজন বন্ধুর সাথে সম্পর্কিত সে সংখ্যা বাস্তব জগতে তার বন্ধুর সংখ্যার প্রতিফলন ঘটায়। বাস্তব জগতে একজন ব্যক্তির বন্ধুর সংখ্যা যত ভার্চুয়াল জগতেও তার বন্ধুর সংখ্যা তেমনই। গবেষকদের অন্যতম লন্ডন বিশ্ববিদ্যালয় কলেজের ড. রায়োটা কানাই বলেন, "এ সম্পর্কের যে দিকটা কৌতূহলজনক তা হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে মস্তিষ্কের ওই অংশগুলোর আকার পরিবর্তিত হয় কিনা। এ প্রশ্নের উত্তর পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে ইন্টারনেট আমাদের মস্তিষ্ক পরিবর্তন করে দিচ্ছে কিনা।" বিষয়টির সাথে মস্তিষ্কের সম্পর্কিত অংশগুলোর একটি হলো অ্যামিগডালা। এ অংশটি আমাদের স্মৃতি ও আবেগী প্রতিক্রিয়ার সাথে সম্পর্কিত। পূর্ববর্তী গবেষণায়, ব্যক্তির অ্যামিগডালার ধূসর পদার্থের পরিমাণের সাথে বাস্তব জগতে সামাজিক যোগাযোগ ও এর জটিলতার সম্পর্ক আবিষ্কার হয়েছে। মানসিক ক্রিয়া-প্রতিক্রিয়ার বিষয়গুলো মস্তিষ্কের ধূসর পদার্থের মধ্যেই সংঘটিত হয়। মস্তিষ্কের আরো তিনটি অংশ ভার্চুয়াল জগতের বন্ধুর সংখ্যার সাথে সম্পর্কিত, তবে এ অংশগুলোর সাথে বাস্তব জগতের বন্ধুত্বের কোন সম্পর্ক নেই। গবেষকদলের প্রধান লন্ডন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জেরান্ট রিস বলেন, "ইন্টারনেটে সামাজিক যোগাযোগের কারণে মস্তিষ্কে কি ধরনের প্রভাব পড়ছে সে বিষয়ে অল্পই জানা গেছে। যতটুকু জানা গেছে তাতে এ ধারণা করা যায় ইন্টারনেট ব্যবহার আমাদের জন্য কোন না কোনভাবে খারাপ ফল বয়ে আনছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৫৩ ঘ.