নয়া দিল্লি, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্ত বিরোধ নিষ্পত্তিতে মনমোহন সিংয়ের সফরে স্বাক্ষরিত ঢাকা-দিল্লি প্রটোকলের বিরোধিতা করে লোকসভার আগামী অধিবেশন উত্তপ্ত করে তোলার ঘোষণা দিয়েছেন ভারতের বিরোধী দলের নেতা এল কে আদবানি।
বৃহস্পতিবার আসামের রাজধানী গুয়াহাটিতে এক জনসভায় আদবানি বলেন, "অনেক হয়েছে। আমরা লোকসভার শীতকালীন অধিবেশনেই এর (সীমান্ত সমঝোতা) জোর বিরোধিতা করবো। সরকারের কাছে এর ব্যাখ্যা চাইবো আমরা।"
দুর্নীতিবিরোধী 'জনচেতনা যাত্রা'র নবম দিনে বৃহস্পতিবার আসাম যান বিজেপি নেতা আদবানি। শুক্রবার পশ্চিমবঙ্গে জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কড়া সমালোচনা করেন তিনি।
বাংলাদেশ লাগোয়া রাজ্য আসামের স্থানীয় নেতারা ঢাকা-দিল্লি স্থলসীমা প্রটোকলের বিরোধিতা করে এলেও জাতীয় নেতাদের মধ্যে আদবানিই প্রথম এ বিষয়ে সরব হলেন। পাশাপাশি সরকারকে আক্রমণের নতুন অস্ত্র হিসেবে একে কাজে লাগানোর আভাসও দিলেন তিনি।
বাংলাদেশের সঙ্গে ভারতের স্থলসীমা নিয়ে বিরোধ দীর্ঘদিনের। গত সেপ্টেম্বরে মনমোহনের ঢাকা সফরে ১৯৭৪ এ সাক্ষরিত চুক্তির আওতায় স্থলসীমা নিয়ে বিরোধ অবসানে একটি প্রটোকল সই হয়। সীমান্তের ৪ হাজার ৯৬ কিলোমিটার অনির্ধারিত সীমানা ও অপদখলীয় ভূমির বিরোধ নিষ্পত্তি করাই এর লক্ষ্য।
আসামের স্থানীয় দল আসাম গণপরিষদ নেতারা বলে আসছেন, প্রটোকলের আওতায় ভূমি বিনিময় হলে তাদের রাজ্য ক্ষতিগ্রস্ত হবে। তবে মনমোহনের সঙ্গে সফর করে যাওয়া আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ অবশ্য আশ্বস্ত করে আসছেন, এতে আসাম ভূমি হারাবে না।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আদবানি বলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে এ ধরনের একটি প্রটোকল সইয়ের বিষয়ে বিরোধী দলকে অন্ধকারে রাখা হয়েছিলো।
তিনি বলেন, "প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের দুদিন আগে আমাদের সফরসঙ্গী করার প্রস্তাব দেওয়া হয়। তবে আমাদের বলা হয়নি যে আসামের ভূমি বাংলাদেশকে দেওয়া হবে।
"আমরা যদি এটা আগে জানতাম, তবে তখনি এ চুক্তির (প্রটোকল) বিরোধিতা করতাম।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১৪ ঘ.
bdnews24