জাতিসংঘ, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও জাতিসংঘের পূর্ণ সদস্য পদের জন্য ফিলিস্তিনি আবেদনের নিষ্পত্তি হবে নভেম্বরে। ওই মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা একটি চূড়ান্ত বৈঠক করে বিষয়টি নিষ্পত্তি করবেন।
নিরাপত্তা পরিষদের কূটনীতিকরা বুধবার জানান, এ বিষয়ে নিরাপত্তা পরিষদের চূড়ান্ত বৈঠক আগামী ১১ নভেম্বর হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও পূর্ণ সদস্যপদের জন্য জাতিসংঘে আবেদন করেন। ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য। পূর্ণাঙ্গ সদস্যদের মতো কোন ইস্যুতে ভোট দেওয়ার ক্ষমতা তাদের নেই। ফিলিস্তিনিদের দাবী, পূর্ণ সদস্য হওয়ার যোগ্য।
আগামী সপ্তাহে ফিলিস্তিন ও ইসরায়েলের একটি পরোক্ষ বৈঠকের কথা রয়েছে, যার মাধ্যমে দু'পক্ষের মধ্যে বন্ধ হয়ে যাওয়া শান্তি আলোচনা আবার শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। দু'পক্ষের পারম্পরিক আলোচনা এগিয়ে নেওয়ার সুযোগ দেয়ার লক্ষ্যেই ফিলিস্তিনের আবেদন নিয়ে সিদ্ধান্ত নিতে দেরী করা হচ্ছে।
কূটনীতিকরা জানান, ফিলিস্তিনি আবেদন নিয়ে বিভক্ত নিরাপত্তা পরিষদ ১১ নভেম্বরের বৈঠকে ভোটের মাধ্যমে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে নিরাপত্তা পরিষদের এক জ্যেষ্ঠ কূটনীতিক জানান, "বিষয়টি নিয়ে নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত ১১ নভেম্বরের মধ্যেই হয়ে যাওয়ার কথা, তবে ফিলিস্তিনিরা যদি এ বিষয়ে ভোটাভুটি চায় তাহলে ভোটাভুটি হবে।"
ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও সদস্যপদের তীব্র বিরোধিতা করছে ইসরায়েল। এ ক্ষেত্রে ১১ নভেম্বর নিরাপত্তা পরিষদের বৈঠকে ইসরায়েলের পক্ষে মিত্র যুক্তরাষ্ট্র প্রস্তাবটিতে ভেটো দেবে এটি নিশ্চিত। যুক্তরাষ্ট্র আগেভাগেই প্রস্তাবের বিপক্ষে ভেটো দেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে।
তবে ফিলিস্তিনিরা চাইবে যে কোনভাবে বিষয়টি নিয়ে নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হোক। তাতে ফিলিস্তিন অন্তত প্রমাণ করতে পারবে যে, নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকার করে নেওয়ার পক্ষে।
নিরাপত্তা পরিষদে ভোটাভুটির জন্য নিজেদের অনুরোধ পরিষদের একমাত্র আরব সদস্য রাষ্ট্র লেবাননের মাধ্যমে জানাতে পারবে ফিলিস্তিন।
জাতিসংঘে সদস্যপদের আবেদন আনুষ্ঠানিকভাবে অনুমোদন করে সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য রাষ্ট্র। তবে কোন রাষ্ট্রের সদস্যপদের প্রস্তাব সাধারণ পরিষদে যাওয়ার আগে নিরাপত্তা পরিষদের ছাড়পত্র প্রয়োজন হয়। নিরাপত্তা পরিষদ আপত্তি করলে বা কোন স্থায়ী সদস্য রাষ্ট্র প্রস্তাবে ভেটো দিলে সেটি বাতিল হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৩১ ঘ.
bdnews24