জাতিসংঘ, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানে মানবাধিকার লঙ্ঘণের ঘটনা নিয়ে জাতিসংঘ পরিচালিত মানবাধিকার বিষয়ক এক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে তেহরান। আর প্রতিবেদনে এ দেশটির সম্পর্কে এ ধরনের মূল্যায়ন তুলের ধরার নেপথ্যে যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডকে দোষারোপ করেছে ইরান।
ইরানে নিয়োজিত মানিবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মালদ্বীপের আহমদ শাহিদ এ প্রতিবেদন তৈরী করেন। এ সপ্তাহের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদ এটি প্রকাশ করেছে বলে শাহিদ জানান।
শাহিদ জানান, এই মূল্যায়ন প্রতিবেদন তৈরীর সময় ইরানের সরকার তাকে সফরের অনুমতি দেয় নি।
শাহিদের প্রতিবেদনে ইরানের বিচার ব্যবস্থার যেসব নেতিবাচক দিক তুলে ধরা হয়েছে তার মধ্যে অন্যতম হলো 'বন্দিদের ওপর নির্যাতন, নিষ্ঠুরতা বা তাদের সঙ্গে নির্লজ্জ আচরণ, যথাযথ কর্মকর্তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া এবং নারীদের অবস্থা'।
প্রতিবেদনটিতে ইরানের বিরোধীদলীয় নেতা মিরহোসেন মুসাভি ও মেহেদি কারৌবি এবং তাদের স্ত্রীদের আটকাবস্থারও সমালোচনা করা হয়েছে। তাদের ওই পরিস্থিতিকে 'অত্যন্ত দুঃখজনক' বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানের উপ রাষ্ট্রদূত এসাঘ আল-হাবিব প্রতিবেদনের তথ্য প্রত্যাখ্যান করে বলেন, "সাধারণ পরিষদ বিশেষ এক প্রতিনিধি নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছে তা এসেছে মূলত একমুখী মনোভাব এবং বিভিন্ন দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সহযোগী দেশগুলোর রাজনৈতিক উচ্চাকাক্সক্ষা থেকে।"
জাতিসংঘের মানবাধিকার নিয়ে কাজ করা সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে দেওয়া লিখিত বক্তব্যে হাবিব বলেন, "ইরানের প্রধান শত্র" হিসেবে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মহলে ভুল তথ্য তুলে ধরে তাদের প্রভাবিত করার কোনো চেষ্টাই বাদ দেয় না।"
হাবিব আরো বলেন, "এ দেশের (যুক্তরাষ্ট্র) উচিৎ নিজেদের পঙ্কিলতার ইতিহাস ও বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের তথ্য (শুধু নিজ দেশে নয় বরং বিদেশেও) খুঁজে বের করে তা সংশোধন করা।"
জাতিসংঘের প্রতিবেদনটি 'দুর্বল উৎস, অতিরঞ্জিত ও পুরানো অভিযোগ' নিয়ে তৈরি হয়েছে বলেও জানান তিনি।
হাবিব বলেন, "পক্ষপাতহীন, সুষম, অরাজনৈতিক, টেকসই ও যথার্থ একটি বিশেষ প্রতিবেদন তৈরিতে সব ধরনের তথ্য দিতে ইরান প্রস্তুত থাকার কথা জানিয়েছিল। তবে প্রতিবেদনটিতে তা প্রতিফলিত হয়নি।"
সাধারণ পরিষদের তৃতীয় কমিটির প্রতি প্রতিবেদনটি 'সংশোধন ও পরিবর্তন' করারও আহ্বান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২২৯ ঘ.
bdnews24