২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালেহর 'দায়মুক্তি'র বিরোধিতায় নোবেল বিজয়ী কারমান

ইয়েমেনের প্রেসিডেন্ট সালেহকে দায়মুক্তি দেয়ার পরিকল্পনা প্রত্যাখ্যান করতে মঙ্গলবার জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন সদ্য শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ইয়েমেনি নাগরিক তাওয়াকুল কারমান (৩২)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 08:39 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

নিউ ইয়র্ক, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের প্রেসিডেন্ট সালেহকে দায়মুক্তি দেয়ার পরিকল্পনা প্রত্যাখ্যান করতে মঙ্গলবার জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন সদ্য শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ইয়েমেনি নাগরিক তাওয়াকুল কারমান (৩২)। সালেহকে 'যুদ্ধাপরাধী' আখ্যায়িত করে মঙ্গলবার কারমান জাতিসংঘের প্রতি এ আহ্বান জানান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্র ও উপসাগরীয় আরব দেশগুলোর একটি খসড়া প্রস্তাব নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের পূর্ণাঙ্গ পরিষদের কাছে পেশ করেছে। ওই প্রস্তাবটিকে দ্রুত "অনুমোদন ও বাস্তবায়ন"র অহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো। এই প্রস্তাব পাশ হলে ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ তার অপরাধের বিচার থেকে রেহাই পাবেন। ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা সহিংসতা নিরসনে উপসাগরীয় আরবদেশগুলোর সংস্থা 'গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি)' গত এপ্রিলে এক পরিকল্পনা পেশ করে। পরিকল্পনা অনুযায়ী, বর্তমান ক্ষমতাসীন দলসহ একটি সর্বদলীয় সরকার গঠনের লক্ষ্যে বিরোধী দলকে প্রেসিডেন্ট সালেহ একজন প্রধানমন্ত্রী নিয়োগ দেয়ার আহ্বান জানাবেন। এর ত্রিশ দিন পর ইয়েমেনি পার্লামেন্টের কাছে সালেহ তার পদত্যাগ পত্র পেশ করবেন এবং উপরাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। তবে বিরোধীদল দাবি করেছিলো, নতুন সরকার গঠন করার আগেই সালেহকে ক্ষমতা ছাড়তে হবে। কিন্তু জিসিসি প্রস্তাবিত পরিকল্পনায় বলা হয়েছে, সালেহ তখনই ক্ষমতা ছাড়বেন যখন পার্লামেন্ট সালেহ ও তার সহযোগীদের 'দায়মুক্তি' দেয়ার আইন পাশ করবে। এ প্রস্তাবে প্রেসিডেন্ট সালেহ রাজি হলেও সালেহ বিরোধী 'কমন ফ্রন্ট' প্রথমে জিসিসির প্রস্তাব প্রত্যাখ্যান করে, তবে পরে তারা ওই প্রস্তাব মেনে নেয়। নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবিত পরিকল্পনার 'দায়মুক্তি' অংশের বিরোধিতা করতে মঙ্গলবার কারমান নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে হাজির হন। জাতিসংঘের সদর দপ্তরের কাছে প্রায় দেড়শো ইয়েমেনির এক বিক্ষোভ সমাবেশে কারমান সাংবাদিকদের বলেন, "উপসাগরীয় আরবদেশগুলোর সংস্থা জিসিসি'র উদ্যোগের বিরুদ্ধে তরুণদের এই শান্তিপূর্ণ আন্দোলন। কারণ এ উদ্যোগে সালেহ ও তার পরিবারকে বিচার থেকে অব্যাহতি দেয়ার প্রস্তাব করা হয়েছে।" "আমরা মনে করি না, নিরাপত্তা পরিষদ এমন কোনো প্রস্তাবের ফাঁদে পা দেবে যা ইয়েমেনের ক্ষমতাসীনদের বিচার এড়াতে সহয়তা করবে," বলেন কারমান। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ 'বিচার থেকে অব্যাহতি' কেন্দ্রিক জিসিসি'র প্রস্তাবের সমালোচনা করেছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুনের মুখপাত্র মার্টিন নেসির্কিও ইয়েমেনকে দায়মুক্তি দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। শান্তিতে নোবেলজয়ী সাংবাদিক কারমেন বলেন, "মানবাধিকার ও গণতন্ত্রের ওপর ভিত্তি করে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিলো- এখন জাতিসংঘের উচিত মানবাধিকার ও গণতন্ত্রের প্রতি সমর্থন দেয়া। আমরা বলতে এসেছি , সালেহ ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দু'জনই অপরাধী এবং তাদের বিচার হওয়া উচিত।" সালেহ'র বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত নিউ ইয়র্ক ছাড়বেন না বলেও জানিয়েছেন কারমেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/সিআর/১৪৩৩ ঘ.