নিউ ইয়র্ক, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এবার নিউ ইয়র্ক পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করলো 'ওয়াল স্ট্রিট দখল করো' আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের গ্রেপ্তারের সময় কিছু পুলিশ কর্মকর্তার অতিরিক্ত জবরদস্তির প্রতিবাদে তারা এই বিক্ষোভ করে।
মঙ্গলবার নিউ ইয়র্কের ম্যানহ্যাটন এলাকার আইন কর্মকর্তার অফিসের সামনে প্রায় ১শ' বিক্ষোভকারী পুলিশের বাড়াবাড়ির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে।
বিক্ষোভরত আন্দোলনকারী জ্যাকচ্ ওয়েলচ্ (২৪) বলেন, "গ্রেপ্তার করার সময় পুলিশ আমাকে লাথি মারে, ভ্যানের ভেতর নিয়ে আমার হাতে আঘাত করে, পরে আমার বিরুদ্ধে গ্রেপ্তারে বাধা দেওয়ার অভিযোগ আনে।"
বিক্ষোভকারীদের অভিযোগের ভিত্তিতে কোন পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা সে সম্পর্কে কিছু জানাতে অস্বীকৃতি জানান ম্যানহ্যাটনের আইন কর্মকর্তা সাইরাস ভ্যান্স।
একমাস ধরে অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছে যুক্তরাষ্ট্রের 'ওয়াল স্ট্রিট দখল করো' আন্দোলনকারীরা। গত ১৭ সেপ্টেম্বর থেকে নিউ ইয়র্কের লোয়ার ম্যানহ্যাটন পার্কে দিনরাত অবস্থান করে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা।
'ওয়াল স্ট্রিট দখল করো' আন্দোলন দমনে নিউ ইয়র্কের পুলিশ এ পর্যন্ত প্রায় এক হাজার আন্দোলনকারীকে গ্রেপ্তার করে। পাশাপাশি আন্দোলনকারীদের মিছিলের ওপর মরিচ গুঁড়ো ছিটিয়ে (¯েপ্র) পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এ আন্দোলনের অনুপ্রেরণা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩১৪ ঘ.
bdnews24