ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোনের বিল হাতে নিয়ে প্রায় অজ্ঞান হয়ে পড়ার দশা সেলিনা অ্যারনসের। তার কাছে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টি-মোবাইলের ২ লাখ ১শ' মার্কিন ডলার পাওনা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সেলিনা প্রথমে ভেবেছিলেন নিজে ভুল দেখছেন। দেখার ভুল নয় নিশ্চিত হওয়ার পরে ভাবলেন অন্য কোনো ভুল হয়েছে হয়তো।
সংবাদ মাধ্যম দি টাইমস অব ইন্ডিয়া বুধবার জানায়, সেলিনা টি-মোবাইল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, বিলে কোনো ভুল নেই।
উপায় না দেখে মিয়ামির টেলিভিশন স্টেশন ডব্লিউএসভিএন'র সঙ্গে যোগাযোগ করেন সেলিনা। তারা টি-মোবাইলের সঙ্গে যোগাযোগ করে জানেন আসল ঘটনা।
সেলিনার দু'ভাই শ্রবণ ও বাক প্রতিবন্ধী। যোগাযোগ করার সবচেয়ে সহজ মাধ্যম হিসেবে তারা ব্যবহার করে মোবাইলে টেক্সট বার্তা। সময় কাটাতে তারা ইন্টারনেটের বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করে।
ভাইদের জন্য নেওয়া মোবাইল সুবিধাগুলোর জন্য সেলিনার গড়ে খরচ হয়ে থাকে ১৭৫ মার্কিন ডলার।
স¤প্রতি তার ভাইরা দু'সপ্তাহ সময় কাটান কানাডায়। কিন্তু এসময়ের জন্য ভাইদের মোবাইল সুবিধাগুলো আন্তর্জাতিক সুবিধা হিসেবে অন্তর্ভূক্ত করেননি সেলিনা।
এসময়ের মধ্যে দু'ভাই দুই হাজারের বেশি টেক্সট বার্তা প্রেরণসহ প্রচুর পরিমাণে ভিডিও ডাউনলোড করেন, যার মূল্য কখনো কখনো দুই হাজার ডলারের বেশি হয়ে যেতো।
ডব্লিউএসভিএন তাদের প্রতিবেদনে জানায়, শেষ পর্যন্ত সেলিনার মোবাইল বিল কমিয়ে আড়াই হাজার ডলারে নিয়ে এসেছে টি-মোবাইল কর্তৃপক্ষ। বিল পরিশোধ করার জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছে তাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩০০ ঘ.
bdnews24