২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলার গ্লোবোভিশনের ২১ লাখ ডলার জরিমানা

কারাগারের দাঙ্গার সচিত্রপ্রতিবেদন প্রচারের অভিযোগে ভেনেজুয়েলার বিরোধী দলীয় টেলিভিশন চ্যানেল গ্লোবোভিশনকে ২১ লাখ ডলার জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 06:54 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাগারের দাঙ্গার সচিত্রপ্রতিবেদন প্রচারের অভিযোগে ভেনেজুয়েলার বিরোধী দলীয় টেলিভিশন চ্যানেল গ্লোবোভিশনকে ২১ লাখ ডলার জরিমানা করা হয়েছে। অপরাধ সমর্থন ও জনগণের উদ্বেগ বাড়ানোর অভিযোগে এ জরিমানা করা হয়েছে বলে গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনাটেলের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। এদিকে এ জরিমানাকে 'অপরিশোধযোগ্য' বলে উল্লেখ করে সরকার চ্যানেলটি বন্ধের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে গ্লোবোভিশন। কোনাটেল জানায়, গত জুন মাসে কারাকাসের বাইরে এল রোডেও কারাগারের সংঘর্ষের প্রতিবেদন স¤প্র্রচার করে গ্লোবোভিশন সম্প্রচার আইন লঙ্ঘন করেছে। এ সংঘর্ষে ২০ জনেরও বেশি মারা যায়। কোনাটেলের পরিচালক পেড্রো মালডোনাডো বলেন, 'সম্পাদকীয় আচরণ'র জন্য চ্যানেলটির বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। গ্লোবোভিশন জানায়, জরিমানার বিরুদ্ধে তারা আপিল করবে। পাশাপাশি সম্প্রচার অব্যাহত রাখতে করণীয় সবকিছু তারা করবে। চ্যানেলটির ভাইস প্রেসিডেন্ট মারিয়া ফারনানডেজ ফ্লোরস বলেন, "এ জরিমানা চ্যানেলটিকে অর্থনৈতিক ভাবে পর্যুদস্ত করার জন্যই। কয়েক বছর ধরে সরকার নৈতিকভাবে আমাদেরকে ধ্বংসের চেষ্টা করছে।" সরকার ও গ্লোবোভিশনের মধ্যে দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্বের সাম্প্রতিক প্রকাশ এটি। এর আগে প্রেসিডেন্ট হুভো শাভেজ ২০০২ সালে তার বিরুদ্ধে অভ্যুত্থান ও হত্যা চেষ্টা পরিকল্পনায় চ্যানেলটি সমর্থন করে বলে অভিযোগ করেন। দেশটিতে ইতোমধ্যেই ব্যক্তিমালিকানাধীন কয়েকটি রেডিও ও টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার গণমাধ্যম বন্ধের চেষ্টা চালাচ্ছে বলে দেশটির বিরোধী দল বারবার অভিযোগ করছে। আর সরকারের অভিযোগ, বেসরকারি গণমাধ্যমগুলো গণতান্ত্রিক সরকারকে হেয় করতে নিজেদের ক্ষমতা ব্যবহার করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৪৭ ঘ.