লন্ডন, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে সৌদি রাষ্ট্রদূতকে হত্যা পরিকল্পনার অভিযোগে অভিযুক্ত দুইজনসহ পাঁচ ইরানির সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য। সরকারের এক মুখপাত্র মঙ্গলবার একথা জানিয়েছেন।
পাঁচ জনের মধ্যে রয়েছেন ইরানি পাসপোর্টধারী মার্কিনি মানসোর আরবাবসিয়ার। হত্যা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে যাকে সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়েছে।
বাকীদের মধ্যে আছেন ইরানি গোলাম শাকুরি। তার বিরুদ্ধেও হত্যা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। তিনি পুলিশের হাত থেকে পালিয়ে গেছেন এবং ধারণা করা হচ্ছে তিনি এখন ইরানে।
আরেকজন হচ্ছেন কাসেম সোলেইমানি। তিনি ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের একজন কমান্ডার।
আর দুজন হচ্ছেন হামিদ আব্দুল¬াই ও আবদুল রেজা শাহলাই। তারা ইরানে থাকেন বলে জানিয়েছে ব্রিটেন।
সরকারের মুখপাত্র বলেছেন, "সন্ত্রাসীর সম্পদ জব্দকরণ আইন ২০১০- এর আওতায় এইচএম ট্রেজারি পাঁচ জনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। অভিযুক্তরা সবাই ইরান ও সেদেশের সেনা বাহিনীর বিশেষ ইউনিট কুদস ফোর্সেও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।"
তিনি আরো বলেন, "সামনের দিনগুলোতে কিভাবে আরো ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে আমরা ইইউ, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩০ঘ.
bdnews24