সিয়াটল, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ম্যালেরিয়ার সংক্রমণ আছে বিশ্বের এমন দেশগুলোর প্রায় এক তৃতীয়াংশ আগামী ১০ বছরের মধ্যে মশাবাহিত রোগ দূর করার পদক্ষেপ নিয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে।
সিয়াটলে আন্তর্জাতিক ম্যালেরিয়া ফোরামের এক সম্মেলনে সোমবার এ বিষয়ের অগ্রগতি সম্পর্কে 'রোল ব্যাক ম্যালেরিয়া' (আরবিএম) প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে ডব্লিউএইচও জানায়, এতে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে।
ডব্লিউএইচও আরো জানায়, বিশ্বের প্রায় ১০৮টি দেশের মধ্যে এক তৃতীয়াংশ নিজেদের ভূখন্ড থেকে ম্যালেরিয়াকে বিতাড়িত করার করার দিকে এগিয়ে যাচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার 'বৈশ্বিক ম্যালেরিয়া কর্মসূচি'র প্রধান রবার্ট নিউম্যান বলেন, "যথার্থ নিরীক্ষণ ও পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের বর্তমান অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে। আর এ থেকে দেখা যাচ্ছে যে, বিশ্বের বিভিন্ন অঞ্চলের দেশগুলো থেকে ম্যালেরিয়া বিলুপ্ত হচ্ছে।"
তিনি আরো বলেন, "আমরা জানি যে, আজকের এই পদক্ষেপের মাধ্যমে আমরা জীবন বাঁচাতে পারি।"
ম্যারেরিয়ার বিস্তার ও সংক্রমণের হার কমিয়ে আক্রান্তের হার শূন্য করার পদক্ষেপ নেয়া হয়েছে। ১৯৫৫ থেকে ১৯৭২ সালে 'ম্যালেরিয়া বিলোপ' কর্মসূচির পর এবারই প্রথম বড় আকারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সর্বশেষ তথ্যানুসারে, ২০০৯ সালে বিশ্বে প্রায় ৭ লাখ ৮১ হাজার মানুষ ম্যালেরিয়ায় মারা গেছে। আর এর বেশির ভাগই আফ্রিকা মহাদেশে। আর বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই এ রোগের ঝুঁকিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৪৫ ঘ.
bdnews24