ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বতসোয়ানার ওকাভেঙ্গো ব-দ্বীপ অঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়ে সাত ইউরোপীয় পর্যটক নিহত হয়েছেন।
সেসনা ২০৮ বিমানটি শুক্রবার জাকানাস্কা থেকে দেশটির উত্তরাঞ্চলীয় সংরক্ষিত প্রাকৃতিক অঞ্চলের উদ্দেশে যাচ্ছিল বলে বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে।
নিহত পর্যটকদের মধ্যে তিনজন সুইডেনের, তিনজন ফ্রান্সের এবং একজন ইংল্যান্ডের নাগরিক। বিমানটির চালক ইংল্যান্ডের। তিনিও নিহত হয়েছেন।
তবে দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছেন ফ্রান্সের অপর দুই পর্যটক এবং বতসোয়ানার দুইজন আরোহী।
বতসোয়ানার স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২ টায় মোরেমি এয়ারের ওই বিমাটি দুর্ঘটনার শিকার হয় বলে বিবিসি জানায়।
পম পমের প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চলের উদ্দেশে বিমানটি যাচ্ছিল। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই অঞ্চলটি পর্যটকদের কাছে জনপ্রিয়।
কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনো তারা জানেন না। তবে কারণ অনুসন্ধানে পরিহন মন্ত্রণালয় তদন্ত শুরু করেছে।
মোরেমি এয়ারের সোয়ে স্মার্ট এক বিবৃতিতে বলেন, প্রতিষ্ঠানের সবচেয়ে অভিজ্ঞ পাইলটই ওই বিমানটি চালনা করছিল। প্রায় ১২ হাজারেরও বেশি ঘণ্টা বিমান চালনার অভিজ্ঞতা ছিল ওই পাইলটের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৫৫ ঘ.
bdnews24