২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বিলাওয়াল ভুট্টোকে অপহরণের পরিকল্পনা'

আল কায়েদা ও পাকিস্তানি তালেবান পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারিকে অপহরণের পরিকল্পনা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 04:49 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আল কায়েদা ও পাকিস্তানি তালেবান পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারিকে অপহরণের পরিকল্পনা করছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক সোমবার এ কথা জানান। ইংল্যান্ড প্রবাসী ২৩ বছর বয়সী বিলাওয়াল পাকিস্তানের ক্ষমতাসীন পিপলস পার্টির চেয়ারম্যান। বিলাওয়াল মাঝেমাঝেই পাকিস্তানে আসেন বলে দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়। রেহমান মালিক বলেন, "বিলাওয়ালের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।" মালিক আরো বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল চলতি বছরের সেপ্টেম্বরে বিলাওয়াল ভুট্টোর ওপর হুমকির বিষয়টি জানতে পারে। এরপরই দেশের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির শীর্ষ সহযোগীকে বিষয়টি জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সেল জানতে পারে, আল কায়েদা বিলাওয়াল ভুট্টোসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অপহরণের পরিকল্পনা করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, অক্টোবরের ১৪ তারিখে বিলাওয়াল ভুট্টোর অপহরণ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আল কায়েদা সদস্যদের ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মালিক জানান, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নিহত গভর্নর সালমান তাসিরের ছেলে শাহবাজকে চলতি বছরের ২৬ অগাস্ট অপহরণ করা হয়। সে এখনো বেঁেচ আছে। তাকে আফগান সীমান্তবর্তী পাকিস্তানের উত্তরপশ্চিমের আদিবাসী অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০০৭ সালের ২৭ ডিসেম্বর পাকিস্তান পিপলস পার্টির একটি মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন পার্টির প্রধান বেনজির ভুট্টো। ওই মিছিলেই বোমা হামলা ও গুলি চালিয়ে বেনজির ভুট্টোকে হত্যা করা হয়। এরপর বেনজির ভুট্টো ও আসিফ আলি জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টোকে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান মনোনীত করা হয়। কিন্তু তার বয়স কম হওয়ায় বাবা আসিফ আলি জারদারিকেও পার্টির কো-চেয়ারম্যান নির্বাচন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০২৮ ঘ.