২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ইরান ইস্যু' নিরাপত্তা পরিষদকে জানালেন বান কি মুন

ওয়াশিংটনে সৌদি রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্রে ইরানের জড়িত থাকা নিয়ে যুক্তরাষ্ট্রের সন্দেহের বিষয়টি চিঠি পাঠিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন মহাসচিব বান কি-মুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 02:26 PM

Updated : 25 Apr 2022, 11:50 PM

বার্নি, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওয়াশিংটনে সৌদি রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্রে ইরানের জড়িত থাকা নিয়ে যুক্তরাষ্ট্রের সন্দেহের বিষয়টি চিঠি পাঠিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন মহাসচিব বান কি-মুন। তিনি বলেন, "আমি যুক্তরাষ্ট্র, ইরান ও সৌদি আরবের কাছ থেকে চিঠি পেয়েছি।" এ চিঠিই সোমবার নিরাপত্তা পরিষদে পাঠান বান। এ ইস্যু নিয়ে ইরানের ওপর আরেক দফা অবরোধ আরোপ হতে পারে কিনা সে প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইতোমধ্যেই ইরানকে কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে বলে শাসিয়েছেন। ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে জড়িত দুই ব্যক্তি সৌদি রাষ্ট্রদূত আদেল আল-জুবাইরকে ওয়াশিংটনের একটি রেস্টুরেন্টে বোমা হামলা চালিয়ে হত্যার চক্রান্ত করছিলো বলে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র অভিযোগ করে। তবে ইরান সরকার এ চক্রান্তে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে। অভিযুক্তদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যজন ইরানে রয়েছে বলে ওয়াশিংটন দাবি করেছে। ওবামা এ ঘটনায় ইরানের ওপর 'যথাসম্ভব কঠোর অবরোধ' আরোপের জন্য চাপ প্রয়োগে বদ্ধপরিকর এবং তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে সব বিকল্প পথই খোলা রাখা হবে। অন্যদিকে, ইরানের নেতারা বলছেন, তেহরানকে আরো একঘরে করার উদ্দেশে যুক্তরাষ্ট্র এ অভিযোগের কারসাজি তৈরি করেছে। ইরানের পরমাণু কর্মসূচির ওপর ইতোমধ্যেই বেশ কয়েকদফা আন্তর্জাতিক অবরোধ আরোপ হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়তোল্ল¬াহ আলি খামেনি শনিবার বলেছেন, "এ অভিযোগ অর্থহীন, উদ্ভট।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০২০ঘ.