তেহরান, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সৌদি রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনার অভিযোগে যুক্তরাষ্ট্রে আটক ব্যক্তির সঙ্গে কূটনৈতিক সুবিধার আওতায় সাক্ষাতের সুযোগ চেয়েছে ইরান।
একইসঙ্গে পশ্চিমা দেশগুলো 'অনুচিত কোনো ব্যবস্থা' নিলে তার সমুচিত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি জানিয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সুইস চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে পাঠিয়েছে। ১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লব সংঘটিত হওয়ার পর দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে ইরানে মার্কিন স্বার্থ দেখার দায়িত্ব দেওয়া হয় সুইস অ্যাম্বেসিকে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সুইস এ প্রতিনিধিকে বলেন, "যুক্তরাষ্ট্রের এ অভিযোগ যে ভিত্তিহীন সে বিষয়ে কোনো সন্দেহ নেই।"
ওই কর্মকর্তা আরো বলেন, "অভিযোগ ওঠা ব্যক্তির বিষয়ে ব্যক্তিগত তথ্য সরবরাহ ও কূটনৈতিকভাবে তার সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া মার্কিন সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। এক্ষেত্রে বিলম্ব হওয়ার অর্থ আন্তর্জাতিক আইন ও মার্কিন সরকারের দায়িত্বের লঙ্ঘণ।"
যুক্তরাষ্ট্রে নিয়োজিত সৌদি রাষ্ট্রদূত আদেল আল-জুবেইরকে হত্যার পরিকল্পনার অভিযোগে মনসুর আরবাবসিয়ার নামে মার্কিন ও ইরানের দ্বৈত এ নাগরিককে সেপ্টেম্বর মাসে আটক করা হয়।
তেহরান এ অভিযোগকে 'কমেডি শো' বলে উল্লেখ করলেও একে 'বাস্তব সত্য' বলে জানিয়েছে মার্কিন আইন প্রণেতারা। একইসঙ্গে তারা ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজনীয়তাও তুলে ধরেন।
ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, "ইরানের বিরুদ্ধে রাজনৈতিক বা নিরাপত্তা সম্পর্কিত 'অনুচিত কোনো ব্যবস্থা' নেওয়া হলে কঠোরভাবে তা মোকাবিলা করা হবে।"
'ওয়ালস্ট্রিট' আন্দোলন থেকে মনোযোগ সরিয়ে নিতে ওয়াশিংটন এটা করছে বলেও অভিযোগ করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বৃৃহস্পতিবার জানান, ইরানকে সম্ভাব্য কঠিন নিষেধাজ্ঞার মুখে পড়বে এবং তাদের সঙ্গে আলোচনায় বসার কোনো সুযোগ রাখবে না যুক্তরাষ্ট্র।
বেশ কয়েকজন বিশষজ্ঞ ও ওয়াশিংটনের কয়েকজন কর্মকর্তা অবশ্য এ পরিকল্পনার বিষয়ে সন্দেহ পোষণ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৪১ ঘ.
bdnews24