২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমা বিশ্বকে ইরানের হুঁশিয়ারি

ওয়াশিংটনে সৌদি রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে শক্তিধর পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে কোন 'অনুচিত ব্যবস্থা' নিলে তেহরান এর কড়া জবাব দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 04:14 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

তেহরান, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওয়াশিংটনে সৌদি রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে শক্তিধর পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে কোন 'অনুচিত ব্যবস্থা' নিলে তেহরান এর কড়া জবাব দেবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়তোল্ল¬াহ আলি খামেনি রোববার এই হুঁশিয়ারি দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে খামেনি বলেন, "ইরানের বিরুদ্ধে অনুচিত যে কোনো ব্যবস্থা; তা রাজনৈতিক বা নিরাপত্তা-সংক্রান্ত যাই হোক না কেনো ইরানিরা কঠোরভাবে তা মোকাবেলা করবে।" ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে জড়িত দুইজন সৌদি আরবের রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা করেছিলো বলে যুক্তরাষ্ট্র সরাসরি যে অভিযোগ করেছে তার পরিপ্রেক্ষিতে খামেনি এ প্রতিক্রিয়া জানালেন। পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কারমানশাহ'য় খামেনি বলেন, যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে চলমান বিদ্রোহকে আড়াল করতে ওয়াশিংটন রঙ চড়িয়ে ইরানের বিরুদ্ধে এ অভিযোগ এনেছে। তিনি আরো বলেন, "ইরানের বিরুদ্ধে রঙ চড়িয়ে ভিত্তিহীন এ অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের নেতারা 'অকুপাই ওয়াল স্ট্রিট' আন্দোলন থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে চাইছে। "কম করে হলেও ৮০ টি দেশ এ আন্দোলনে সমর্থন দিচ্ছে এটি চেয়ে চেয়ে দেখা মার্কিন নেতাদের জন্য অত্যন্ত তিক্ত এবং বেদনায়দায়ক একটি ব্যাপার", বলেন তিনি। যুক্তরাষ্ট্র গত মঙ্গলবার সৌদি রাষ্ট্রদূত হত্যা চক্রান্তের অভিযোগে ইরানকে কঠোর ব্যবস্থার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ার করেছে এবং দেশটির ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এ অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে আসছে ইরান। পরমাণু ইস্যু নিয়ে ইতোমধ্যে ইরানের ওপর কয়েকদফা অবরোধ আরোপ করার পর এখন দেশটিকে আরো একঘরে করতে যুক্তরাষ্ট্র এ চাল চালছে বলে দাবি করেছে তেহরান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১২ঘ.