জেরুজালেম, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আটক ইসরায়েলি সেনা গিলাদ শালিতের
বিনিময়ে শ'শ ফিলিস্তিনি বন্দির মুক্তি নিয়ে হামাসের সঙ্গে চুক্তির আওতায় রোববার ৪৭৭ ফিলিস্তিনির নামের তালিকা প্রকাশ করেছে ইসরায়েল।
হামাসের হাতে আটক রয়েছে ইসরায়েলি সেনা গিলাদ শালিত। গত মঙ্গলবার ইসরায়েল ও হামাসের মধ্যে শালিতের সঙ্গে ফিলিস্তিনি বন্দি বিনিময়ের ওই চুক্তি হয়। মিশর ও জার্মানির মধ্যস্থতাকারীরা এ ব্যাপারে দু'পক্ষকে রাজি করায়।
ইসরায়েলের প্রেসিডেন্ট শিমন পেরেজ ইতোমধ্যেই বন্দিদের ক্ষমা করার প্রক্রিয়া শুরু করেছেন বলে জানিয়েছে তার কার্যালয়।
ইসরায়েলের প্রকাশ করা নামের তালিকায় রয়েছে বিশিষ্ট দুজন। এদের একজন স্থানীয় টিভি রিপোর্টার আহলাম তামিমি এবং অন্যজন হামাসের স্পেশাল এলিট ফাইটিং ইউনিট '১০১' এর নেতা মোহাম্মদ আল-সারাথা।
কিন্তু বিশিষ্ট আরো তিন ফিলিস্তিনি বন্দি হামাস গেরিলা নেতা মারওয়ান বারগুতি, হামাসের বোমা প্রস্তুতকারী আব্দুল্লাহ বারগুতি এবং ইসরায়েলি পর্যটনমন্ত্রী হত্যায় জড়িত আহমেদ সাদাতকে মুক্তি দিচ্ছে না ইসরায়েল।
ইসরায়েল যাদেরকে মুক্তি দেবে তাদের বেশিরভাগই আত্মঘাতী বোমা ও বন্দুক হামলা চক্রান্তের জন্য জেলে গেছে।
মঙ্গলবারই বন্দিদেরকে মুক্তি দেওয়া হবে। চুক্তির প্রথম ধাপে মুক্তি পাবে ৪৫০ ফিলিস্তিনি পুরুষ এবং ২৭ জন নারী। আর ইসরায়েলি সেনা গিলাদ শালিত মুক্তি পেয়ে বাড়ি ফিরে গেলে মুক্তি পাবে আরো ৫৫০ ফিলিস্তিনি।
যে সমস্ত ইসরায়েলি ফিলিস্তিনি বন্দি মুক্তির বিরোধী তারা এ ব্যাপারে দেশের সর্বোচ্চ আদালতে আবেদন জানানোর জন্য ৪৮ ঘণ্টা সময় পাবে।
হামাস-পন্থি কয়েকটি ওয়েবসাইট এর আগে কিছু ফিলিস্তিনির নাম প্রকাশ করলেও এবারই নামের প্রথম সরকারি তালিকা প্রকাশ হলো।
শালিতকে মুক্তির জন্য সাধারণ ইসরায়েলিদের চাপে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই অসম বন্দি বিনিময়ে নেতানিয়াহু মন্ত্রিসভা থেকে সমর্থন পেয়েছেন।
২০০৬ সালে শালিতকে আটক করে হামাস যোদ্ধারা। আটকের পর থেকে শালিতকে উদ্ধারে গাজায় অনেক বার অভিযান চালায় ইসরায়েল। কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হয়।
এই বন্দি বিনিময় ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনায় সরাসরি কোন প্রভাব ফেলবে না। তবে এর ফলে ফিলিস্তিন- ইসরায়েল শান্তি আলোচনা আবার শুরু করার আন্তর্জাতিক উদ্যোগে ইতিবাচক প্রভাব পড়বে বলে বিশ্লেষকদের ধারণা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭০০ ঘ.
bdnews24