আম্মান, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ায় নিহত এক সরকার-বিরোধী আন্দোলনকারীর শেষকৃত্যের মিছিলে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছে।
শনিবার সিরিয়ার রাজধানী দামেস্কর কেন্দ্রস্থল ময়দান এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার সরকার-বিরোধী এক বিক্ষোভ মিছিলে গুলিতে ইব্রাহিম সেইবান নামের দশ বছর বয়সী এক বালক নিহত হয়। শনিবার ওই বালকের কাফনাবৃত লাশ নিয়ে মিছিল বের করে সরকার বিরোধীরা।
মিছিলকারীরা "প্রেসিডেন্ট আসাদের ফাঁসি চাই", "আমরা মুক্ত হবোই" শ্লোগান দেয়। এরই মধ্যে কয়েকজন বিক্ষোভকারী সরকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। এর জবাবে নিরাপত্তা বাহিনী গুলি চালালে ঘটনাস্থলেই ৩ জন নিহত ও ২০ জন আহত হয়।
এছাড়া, সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর দির আল যরে শনিবার এক বিশিষ্ট সরকার বিরোধী আন্দোলনকারীকে হত্যা করেছে আসাদ অনুগত বাহিনী।
দুই মাস আগে দির আল যরে আসাদ অনুগত সেনার হামলা চালালে জিয়াদ আল ওবেইদি (৪২) নামের ওই অন্দোলনকারী সরকার বিরোধী শান্তিপূর্ণ আন্দোলন সংগঠিত করতে নেতৃত্ব দেন।
দির আল যরে জিয়াদের বাড়িতে সরকারী বাহিনী চড়াও হলে তিনি পালাতে চেষ্টা করতে গিয়ে নিহত হন বলে জানায় সিরিয়ার মানবাধিকার সংগঠন অবজারভেটরি অব হিউম্যান রাইটস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬১৭ঘ.
bdnews24