কাবুল, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সৎভাই ওয়ালি কারজাইকে তালেবান হত্যা করেনি বলে দাবি করেছেন ন্যাটোর এক উর্ধ্বতন কর্মকর্তা ।
শনিবার আফগানিস্তানে তালেবান হামলা কমে আসার পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ওয়ালিকে হত্যা করা হয়েছে ব্যক্তিগত শত্র"তা থেকে।
গত জুলাইয়ে আফগানিস্তানের কান্দাহারে নিজ বাসভবনে নিহত হন আহমেদ ওয়ালি কারজাই।
"এটি কোন রাজনৈতিক হত্যাকান্ড নয়, এটি একটি খুন," ন্যাটোর ওই উর্ধ্বতন কর্মকর্তা বলেন।
তার ধারণা, "এটা জঙ্গিদের কাজ নয়, হত্যাকারীর রাজনৈতিক কোনো উদ্দেশ্যও ছিল না।"
ন্যাটোর কর্মকর্তারা জানান, ওয়ালির হত্যাকারী সরদার মোহাম্মদ কান্দাহার শহরের তল্লাশী চৌকিগুলো পরিচালনা করতেন। তিনি স্থানীয় লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে ওয়ালি কারজাইয়ের কাছে অভিযোগ করা হয়েছিলা।
ন্যাটোর তদন্তকারীদের ধারণা, শাস্তির ভয়েই ওয়ালিকে গুলি করে হত্যা করেন সরদার মোহাম্মদ।
ওয়ালিকে হত্যার পর তালেবান তার হত্যায় দায় স্বীকার করেছিলো। তখন ধারণা করা হয়েছিলো মোহাম্মদ তালেবানদের নিরব সমর্থক।
এ ধরনের আরো অনেকগুলো হত্যাকান্ড নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ন্যাটোর উর্ধ্বতন কর্মকর্তারা। তারা দাবী করেন, আফগান সংস্কৃতির কারণেই অনেক হত্যাকান্ড ঘটে যার সাথে তালেবান জঙ্গিদের কোন সম্পর্ক নেই। যে কোন কর্মকর্তা বা সরকার পক্ষের কোন ব্যাক্তি নিহত হলেই তালেবান তার দায় স্বীকার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১৫০২ ঘ.
bdnews24