২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরব বসন্তের মাশুল ৫ হাজার ৫শ' কোটি ডলার

'আরব বসন্ত' নামে পরিচিত মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে চলতি বছরের গণআন্দোলনের কারণে ৫ হাজার ৫শ' কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে। অবশ্য এ গণঅভ্যুত্থানের কারণে তেলের মূল্য বেড়ে যাওয়ায় অন্যান্য প্রতিবেশী তেল রপ্তানিকারী আরবরাষ্ট্রগুলো লাভবান হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 07:23 AM

Updated : 24 Aug 2022, 04:33 PM

লন্ডন, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- 'আরব বসন্ত' নামে পরিচিত মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে চলতি বছরের গণআন্দোলনের কারণে ৫ হাজার ৫শ' কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে। অবশ্য এ গণঅভ্যুত্থানের কারণে তেলের মূল্য বেড়ে যাওয়ায় অন্যান্য প্রতিবেশী তেল রপ্তানিকারী আরবরাষ্ট্রগুলো লাভবান হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) এর পরিসংখ্যান বিশ্লেষণ করে রাজনৈতিক ঝুঁকি সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান 'জিওপলিসিটি' প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, গণঅভ্যুত্থানের ফলে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়া লিবিয়া ও সিরিয়ার অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরই আছে মিসর, তিউনিসিয়া, বাহরাইন ও ইয়েমেন। গণঅভ্যুত্থান ও সংঘাতের কারণে এ দেশগুলোর মোট আভ্যন্তরীণ উৎপাদন ২ হাজার ৬০ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া ও কর সংগ্রহ হ্রাস পাওয়ায় দেশগুলোর আরো ৩ হাজার ৫শ' ৩০ কোটি ডলার ক্ষতি হয়েছে। কিন্তু এ দেশগুলোর প্রতিবেশী বৃহৎ তেল উৎপাদনকারী রাষ্ট্র আরব আমিরাত, সৌদি আরব ও কুয়েত গণঅভ্যুত্থান এড়িয়ে যেতে সক্ষম হয়। পাশাপাশি পার্শ্ববর্তী দেশগুলোর অস্থিতিশীলতার কারণে তেলেরমূল্য বেড়ে যাওয়ার সুফল ভোগ করে তারা। এসময় এ দেশগুলোর জিডিপি বৃদ্ধি পায়। বছরের শুরুতে অপরিশোধিত প্রতি ব্যারেল তেলের মূল্য ছিল ৯০ ডলার। গণঅভ্যুত্থান শুরু হওয়ার কয়েকমাস পর মে মাসে মূল্য দাঁড়ায় ১৩০ ডলার। এখন একটু কমে মূল্য দাঁড়িয়েছে ১১৩ ডলার। ফলে সেপ্টেম্বর নাগাদ ওই দেশগুলোর মোট ৩ হাজার ৮শ' ৯০ কোটি ডলার বাড়তি আয় হয়। অস্থিতিশীল দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় লিবিয়া। তেল রপ্তানি বন্ধসহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকান্ড স্থবির হয়ে পড়ায় দেশটির মোট আভ্যন্তরীণ উৎপাদনে ৭শ' ৭০ কোটি মার্কিন ডলার পরিমাণ ক্ষতি হয়। গণঅভ্যুত্থানের নয় মাসে মিশরের মোট আভ্যন্তরীণ উৎপাদন ৪ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়েছে। এ সময় মিশরের জনসম্পর্কিত ব্যয় বৃদ্ধি পায় ৫শ' ৫০ কোটি ডলার এবং কর সংগ্রহ ৭ কোটি ৫০ লক্ষ ডলার কম হয়। সিরিয়ায় গণঅভ্যুত্থান ও সরকারী দমনপীড়ন অব্যাহত রয়েছে, তাই অর্থনীতিতে এর সামগ্রিক প্রভাব এখনো পরিষ্কার হয় নি। তবে অস্থিরতা শুরুর আগের সূচকগুলো থেকে যে ধারণা পাওয়া যায় তাতে দেখা যায়, সিরিয়ার অর্থনীতির সামগ্রিক ক্ষতি ৬শ' কোটি ডলার যা সিরিয়ার মোট আভ্যন্তরীণ উৎপাদনের ৪ দশমিক ৫ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩১৮ ঘ.