জেনেভা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার জনগণের সুরক্ষায় আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়ে শুক্রবার জাতিসংঘের শীর্ষ মানবাধিকার কর্মকর্তা নাভি পিল্লাই বলেছেন, সরকার বিরোধীদের ওপর নিমর্ম দমনপীড়ন দেশটিকে পুরোদস্তুর গৃহযুদ্ধের মুখে ঠেলে দিতে পারে।
এক বিবৃতিতে তিনি বলেন, সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে মার্চে শুরু হওয়া গণতন্ত্রপন্থী আন্দোলনে সহিংসতায় মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে, যার মধ্যে কমপক্ষে ১৮৭ জন শিশু। শুধু গত দশ দিনেই নিহত হয়েছে কমপক্ষে ১শ' মানুষ।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমশিনার পিল্লাই বলেন, "চলমান দমনপীড়ন ও হত্যাযজ্ঞ সিরিয়াকে পরিপূর্ণ গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার আগেই সম্মিলিতভাবে সুরক্ষা ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক স¤প্রদায়ের সব সদস্যকে আহ্বান জানাচ্ছি।"
তিনি আরো বলেন, " সিরিয়ায় সেনারা ক্রমেই সাধারণ মানুষের ওপর হামলা চালাতে অস্বীকৃতি জানাতে থাকায় এবং পক্ষ বদল করায় ইতোমধ্যেই সঙ্কট সশস্ত্র যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।"
যুক্তরাষ্ট্র ও ইয়রোপীয় ইউনিয়ন সিরিয়ার তেল রপ্তানি ও ব্যবসা-বাণিজ্যের ওপর বেশ কয়েকটি অবরোধ আরোপ করেছে এবং জাতিসংঘও যেন অবরোধ আরোপ করে সেজন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সিরিয়ায় অবনতিশীল পরিস্থিতির লাগাম টেনে ধরতে কী ধরনের আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়া উচিত এ প্রশ্নের জবাবে পিল্লাই এর মুখপাত্র রুপার্ট কলভিল্লে এক সাংবাদিক সম্মেলনে বলেন, "বিভিন্ন দেশকে নিজ নিজ অবস্থান থেকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।"
তিনি বলেন, সিরিয়ার বিরুদ্ধে এ পর্যন্ত নেওয়া পদক্ষেপগুলো কাজে আসেনি। বন্ধ হয়নি মানুষ হত্যা।
সিরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া উচিত কিনা জিজ্ঞেস করা হলে রুপার্ট বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত দেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৪১ঘ.
bdnews24