বাগদাদ, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের শিয়া অধ্যুষিত সদর শহরে পৃথক দুটি বোমা হামলায় অন্ততপক্ষে ১৬ জন নিহত ও ৪০ জনেরও বেশি আহত হয়েছে বলে হাসপাতাল ও পুলিশ সূত্র জানিয়েছে।
বৃহস্পতিবারের এই হামলাই দেশটির রাজধানীতে চলতি সপ্তায় সবচেয়ে বড় সিরিজ বোমা হামলা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের কফি পানের একটি দোকানের সামনে রাস্তার ধারে প্রথম বোমাটি বিস্ফোরিত হয়। আর এর পরপরই কাছাকাছি এলাকায় একটি গাড়ি বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে।
স্থানীয় এক হাসপাতালে মোহাম্মাদ খাদিম নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, "বোমার শব্দ শুনতে পেয়ে কি হয়েছে তা দেখতে ঘটনাস্থলে যাই। এরপরই ১০০ মিটার দূরে একটি ট্যাক্সি বিস্ফোরিত হয়।"
"হতাহতরা রাস্তায় পড়ে রয়েছে", বলেন তিনি।
২০০৬-২০০৭ সালে সাম্প্রদায়িক দাঙ্গা চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পর থেকে ইরাকে সহিংসতার পরিমান কমে আসে। তবে ২০১১ সালের শেষ নাগাদ ইরাকে থাকা সর্বশেষ মার্কিন সৈন্য দলকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়ার পর প্রায় প্রতিদিনই সেখানে হামলার ঘটনা ঘটছে।
বুধবারও বাগদাদে আত্মঘাতী বোমা ও রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ২৮ জন নিহত হয়। আর সোমবার তিনটি বোমা হামলায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৪২ ঘ.
bdnews24