২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে বিমান নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

সৌদি রাষ্ট্রদূতকে হত্যা চক্রান্ত নিয়ে উত্তেজনাকর পরিস্থিতিতে ইরানের এয়ারলাইন 'মহান এয়ার' এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 02:02 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ওয়াশিংটন, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñসৌদি রাষ্ট্রদূতকে হত্যা চক্রান্ত নিয়ে উত্তেজনাকর পরিস্থিতিতে ইরানের এয়ারলাইন 'মহান এয়ার' এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অভিযোগ করে যুক্তরাষ্ট্র বলেছে, ওয়াশিংটনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে হত্যার চক্রান্তে জড়িত ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনীর সদস্যরা মহান এয়ারে যাতায়াত করেছে। মহান এয়ার মধ্যপ্রাচ্যজুড়ে রেভল্যুশনারী গার্ড বাহিনীর এলিট ইউনিট কুদস ফোর্স এবং হিজবুল্লাহ সদস্যসহ গোপনে অস্ত্র ও তহবিলও বহন করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ। নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রে মহান এয়ারের সম্পদ জব্দ করাসহ এই এয়ারলাইনের সঙ্গে মার্কিন ফার্মগুলোর ব্যবসা বন্ধ করা হবে। যুক্তরাষ্ট্র সৌদি রাষ্ট্রদূত আদেল আল-জুবাইরকে হত্যার ইরানি চক্রান্ত নস্যাতের ঘোষণা দেওয়ার পর থেকেই রিয়াদ এবং ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। এ চক্রান্তে ইরান সরকার এবং কুদস ফোর্স জড়িত বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। ইরানকে এর জন্য মুল্য দিতে হবে বলে বুধবার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। মার্কিন এক কর্মকর্তা বলেছেন, ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও কুদস বাহিনীর প্রধান এ হত্যা ষড়যন্ত্র সম্পর্কে জানতেন বলেই ধারণা করা হচ্ছে। তবে তিনি বলেন, এর অকাট্য কোনো প্রমাণ নেই। আর ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ হয়তো এ সম্পর্কে জানতেন না। ওদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জে কার্নি সাংবাদিকদের বলেছেন, "ষড়যন্ত্রে কুদস ফোর্সের উপরমহল যে জড়িত তা স্পষ্ট।" ইরানের এ ষড়যন্ত্র জাতিসংঘের কূটনীতিক প্রতিরক্ষা চুক্তির লঙ্ঘন এবং বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালত পর্যন্ত গড়াতে পারে বলেই মনে করা হচ্ছে। ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ইরানি বংশোদ্ভুত এক মার্কিনী মানসুর আরবাবসিয়ারকে যুক্তরাষ্ট্র গ্রেপ্তার করেছে এবং অভিযুক্ত করেছে গোলাম শাকুরি নামের আরেক ইরানিকে। শাকুরি ইরানে নির্বিঘেœই আছেন এবং তিনি কুদস বাহিনীর সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। ইরান হত্যা পরিকল্পনায় জড়িত থাকলে তা জাতিসংঘ কনভেনশন 'প্রিভেনশন অ্যান্ড পানিশমেন্ট অব ক্রাইমস এগেইনস্ট ইন্টারন্যাশনালি প্রকেক্টেড পার্সন্স' এর লঙ্ঘন বলেই গণ্য হবে। ১৯৭৮ সালে ইরান এ চুক্তিতে সই করে। এ চুক্তি অনুযায়ী, সৌদি রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্রের জন্য ইরানকে হয় শাকুরিকে নিজদেশে বিচার করতে হবে নয়তো যুক্তরাষ্ট্র কিংবা সৌদি আরবের হাতে তুলে দিতে হবে। কিন্তু ইরান ষড়যন্ত্রের অভিযোগ ইতোমধ্যেই অস্বীকার করেছে এবং শাকুরির বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা নেবে না বলেই মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯৫১ঘ.