২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আফগানিস্তানে মার্কিনপক্ষের ভুলে কপ্টার বিধ্বস্ত হয় নি'

আফগানিস্তানে চিনুক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩০ মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় মার্কিন পক্ষের কারো কোন দোষ ছিল না। মার্কিন সামরিক বাহিনীর এক তদন্তে এমনটি জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 07:43 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ওয়াশিংটন, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে চিনুক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩০ মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় মার্কিন পক্ষের কারো কোন দোষ ছিল না। মার্কিন সামরিক বাহিনীর এক তদন্তে এমনটি জানা গেছে। গত ৬ অগাস্টের ওই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা আফগানিস্তানে গত এক দশকের সেনা অভিযানে মার্কিন পক্ষের সবচেয়ে বড় সামরিক বিপর্যয়। ওই ঘটনায় বিধ্বস্ত হেলিকপ্টারে থাকা মার্কিন সেনাদের সবাই নিহত হয়। বুধবার পাওয়া তদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপে বলা হয়, তদন্তকারী দল নিশ্চিত হয়েছে, তালেবানদের রকেট চালিত গ্রেনেডের আঘাতেই কপ্টারটি বিধ্বস্ত হয়। গ্রেনেড হেলিকপ্টারের একটি ঘূর্ণায়মান ব্লেডকে আঘাত করে বিস্ফোরিত হলে ভারসাম্য হারিয়ে কপ্টারটি ভূমিতে পড়ে বিস্ফোরিত হয়। হেলিকপ্টারে থাকা আট আফগানসহ সব মার্কিন সেনার মৃত্যু হয়। ওই ঘটনায় নিহত মার্কিন সেনারা সবাই ছিল মার্কিন সেনাবাহিনীর অভিজাত 'নেভি সিল' বাহিনীর সদস্য। এ বাহিনীর সদস্যরাই মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে আল কায়েদার প্রতিষ্ঠাতা নেতা ওসামা বিন লাদেনকে এক গোপন অভিযানে হত্যা করে। তদন্তের আগে ধারণা করা হয়েছিল, মার্কিন বাহিনীকে ফাঁদে ফেলেছিল তালেবান। কিন্তু তদন্তে এর কোন প্রমাণ পাওয়া যায় নি। প্রতিবেদনে তদন্ত দলের প্রধান ব্রিগ্রেডিয়ার জেনারেল জেফরি কোল্ট লিখেছেন, "হেলিকপ্টারে হামলার ঘটনাটি কোন পূর্ব পরিকল্পিত চোরগোপ্তা হামলা ছিলো না। সাড়ে তিন ঘণ্টা ধরে যৌথবাহিনী বিদ্রোহীদের লক্ষ করে বিমান হামলা চালাচ্ছিলো। বিমান হামলার কারণে বিদ্রোহীরা অত্যন্ত সতর্কাবস্থায় ছিল। তাই সুযোগ পাওয়া মাত্রই তা ব্যবহার করতে পেরেছে।" অভিযানটি সঠিক ছিলো বলে মত প্রকাশ করে তদন্ত দল। ওই সময় কপ্টারেও কোন যান্ত্রিক সমস্যা ছিল না বলেও তারা নিশ্চিত হয়েছে। এই তদন্তের ফলে ওই ঘটনায় কারো কোন শাস্তি হবে না বলে নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৩৭ ঘ.