ত্রিপোলি/সির্তে, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফির জন্মশহর সির্তে শেষ মুহূর্তের লড়াই চালিয়ে যাচ্ছে তার অনুগত বাহিনী। তাদের শেষ প্রতিরোধ ভেঙে দিতে এনটিসি বাহিনী শুক্রবার শহরটিতে আরো ট্যাংক মোতায়েন করেছে।
শহরটির আর একটি মাত্র এলাকা গাদ্দাফি বাহিনীর হাতে আছে। পূর্ব থেকে পশ্চিমে প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার এবং উত্তর থেকে দক্ষিণে প্রায় ৭০০ মিটার এলাকা গাদ্দাফি অনুগতদের নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিল (এনটিসি) বাহিনীর কমান্ডাররা।
শহরটি দখলে নিতে এনটিসি বাহিনীর সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে গাদ্দাফির স্নাইপাররা। তারা বিভিন্ন ভবনে লুকিয়ে থেকে প্রতিরোধ লড়াই চালাচ্ছে। তাদেরকে পরাস্ত করতে ভবনগুলো লক্ষ্য করে ট্যাংকের গোলা হামলা চালানো হচ্ছে।
সির্তে এনটিসি বাহিনীর মাঠ পর্যায়ের কমান্ডার খালেদ আলতেইর বলেন, কেবল 'নাম্বার টু' এলাকা ছাড়া পুরো শহরই আমাদের নিয়ন্ত্রণে। ওই এলাকা ঘিরে রয়েছে গাদ্দাফির যোদ্ধারা।
বুধবার এনটিসি বাহিনী মুয়াম্মার গাদ্দাফির ছেলে মোতাস্সিম ধরা পড়ার কথা জানানোর পর সির্তের লড়াইয়ে বড় ধরনের অগ্রগতির আভাস মেলে।
সির্ত থেকে একটি পরিবারের সঙ্গে গাড়িতে করে বুধবার পালানোর চেষ্টাকালে গাদ্দাফির ছেলে ধরা পড়েন।
এনটিসি বাহিনীর কর্নেল আবদুল্লাহ নাকের রয়টার্সকে বলেন, "তাকে (মোতাস্সিম) সির্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে।" তবে বেনগাজির এনটিসি কর্মকর্তারা মোতাসসিমকে পাকড়াও করার খবর নিশ্চিত করলেও এনটিসি'র উপরমহল থেকে খবরটি নিশ্চিত বা অস্বীকার কোনোটিই করা হয়নি।
সির্ত শহর গাদ্দাফির শক্ত ঘাঁটি। গাদ্দাফি বাহিনী সেখানে লড়াইয়ে কোণঠাসা হয়ে পড়লেও তাদের প্রবল প্রতিরোধের মুখোমুখি হচ্ছে এনটিসি যোদ্ধারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৭০২ ঘ.
bdnews24