সির্তে, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার ক্ষমতাসীন জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) প্রধান মুস্তাফা আবদেল জলিল গাদ্দাফির জন্মশহর যুদ্ধবিক্ষুদ্ধ সির্তে পরিদর্শন করেছেন। মঙ্গলবার জলিল সেখানে পৌঁছলে এনটিসি বাহিনীর যোদ্ধারা ফাঁকা গুলি ছুঁড়ে তাকে স্বাগত জানায়।
জলিল জানান, আগামী দুই-তিনদিনের মধ্যেই তার বাহিনী গাদ্দাফি অনুগতদের শক্তঘাঁটি বলে পরিচিত এই শেষ শহরটিও দখল করে নেবে। সমুদ্রতীরবর্তী ওই শহরটিতে জলিল প্রায় ২০ গাড়ির প্রহরায় প্রবেশ করেন।
সমবেত প্রায় ২শ' যোদ্ধার উদ্দেশে জলিল বলেন, "আমার বিপ্লবী ভাইয়েরা, অর্জিত সব জয় তোমাদেরই অভিবাদন জানাবে।"
রয়টার্সের এক প্রশ্নের জবাবে জলিল বলেন, লিবিয়াকে গণতান্ত্রিক রাষ্ট্ররূপে পুনর্গঠনের ঘোষণা তখনই দেওয়া যাবে যখন সির্তে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসবে।
সির্তে দেশটির সাবেক শাসক গাদ্দাফির শক্ত ঘাঁটি। বর্তমানে শহরটিতে গাদ্দাফি অনুগত বাহিনীর বিরুদ্ধে লড়াই চালাচ্ছে এনটিসির যোদ্ধারা। বর্তমানে গাদ্দাফি বাহিনীকে কোণঠাসা করে ফেলার দাবি করলেও সেখানে প্রবল প্রতিরোধের মুখোমুখি হচ্ছে এনটিসি যোদ্ধারা।
শহরটি থেকে সাধারণ মানুষ পালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে।
এই পরিস্থিতি দেখে ন্যাটো কর্মকর্তারা জানিয়েছেন, গাদ্দাফি অনুগত বাহিনী এমনভাবে লড়াই চালাচ্ছে যেন মনে হচ্ছে শহরটিতে তাদের আগের অবস্থান রয়েছে। এ বিষয়টি আমাদের বিস্মিত করেছে।
এনটিসি জানিয়েছে, সির্তে দখলের পর তারা লিবিয়াকে পূর্ণ স্বাধীন বলে ঘোষণা করবে।
ন্যাটোর মুখপাত্র রোল্যান্ড ল্যাভয়ে জানান, শহরের অধিকাংশ এলাকা এখন এনটিসি বাহিনীর দখলে। গাদ্দাফি অনুগতদের যাবতীয় রসদ সরবরাহও বন্ধ করে দেওয়া হচ্ছে। তারা এখনো কেন লড়াই চালাচ্ছে এ বিষয়টি আমাদের বোধগম্য হচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১২১ ঘ.
bdnews24