ওয়েলিংটন, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে তেল নিঃসরণে নজিরবিহীন পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে নিউজিল্যান্ড। প্লেন্টি উপসাগরজুড়ে ছড়িয়ে পড়া তেল মঙ্গলবার দেশটির জনপ্রিয় একটি সৈকতের কাছে পৌঁছেছে।
লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ রেনা নিউজিল্যান্ডের পূর্ব উপকূল তৌরঙ্গ থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে শৈলশিরায় আটকে গিয়ে অচল হয়ে পড়েছে। জাহাজ ফুটো হয়ে ছড়িয়ে পড়ছে তেল। উত্তাল সমুদ্রে জাহাজটি স্থির থাকতে না পারায় এটি আরোহীদের জন্যও বিপজ্জনক হয়ে উঠেছে।
জাহাজটিতে থাকা ১ হাজার ৭ শ' টন তেলের মধ্যে প্রায় ৩ শ' টন তেল বেরিয়ে গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
তেল ছড়িয়ে পড়া ঠেকাতে জাহাজের বাকি তেল পাম্প করে সরানোর যে উদ্যোগ শুরু হয়েছিলো তা খারাপ আবহাওয়ার কারণে বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।
সমুদ্রপাড়ে গোসল না করা এবং সামুদ্রিক খাবার না খাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে ইতোমধ্যেই।
নিউজিল্যান্ডের পরিবেশ মন্ত্রী নিকব স্মিথ এক ব্রিফিংয়ে বলেন, "আগামী দিনগুলোতে পরিস্থিতি আরো খারাপ হবে।"
তিনি আরো বলেন, "পরিবশের ক্ষতি কমাতে সরকার সাধ্যমত চেষ্টা করছে। তবে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে কয়েক দশকের মধ্যে নিউজিল্যান্ডে সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় যে ঘটতে চলেছে তা স্পষ্ট।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭২১ঘ.
bdnews24