২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেন সমঝোতাকারীদের সমর্থনে জাতিসংঘে প্রস্তাবনা

আগামী সপ্তাহের মধ্যে ইয়েমেনের উপসাগরীয় সমঝোতাকারীদের সমর্থন দেওয়ার লক্ষ্যে একটি প্রস্তাবনা পাশের প্রত্যাশা করছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 08:09 AM

Updated : 24 Aug 2022, 04:31 PM

জাতিসংঘ, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী সপ্তাহের মধ্যে ইয়েমেনের উপসাগরীয় সমঝোতাকারীদের সমর্থন দেওয়ার লক্ষ্যে একটি প্রস্তাবনা পাশের প্রত্যাশা করছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সোমবার কূটনীতিকদের সূত্রে এ খবর জানা গেছে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সঙ্গে আলোচনার পর ইয়েমেন বিষয়ে প্রস্তাবনার একটি খসড়া তৈরি করেছে ব্রিটেন। মঙ্গলবার এক রুদ্ধদ্বার বৈঠকের পর নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যর কাছে ওই খসড়া উপস্থাপনের কথা রয়েছে। জাতিসংঘে নিয়োজিত কূটনীতিকরা জানান, ইয়েমেন বিষয়ে আনা প্রস্তাবনায় চীন ও রাশিয়া ভেটো দেবে না বলেই মনে হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এক পশ্চিমা কূটনীতিক রয়টার্সকে বলেন, "আমরা এ সপ্তাহেই ভোট দিতে আগ্রহী।" তবে আরেক কূটনীতিক জানান, ইয়েমেন বিষয়ে ভোট হয়তো এ সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে হতে পারে। ওদিকে ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ ও বিরোধীদের মধ্যে দুই সপ্তাহ ধরে সমঝোতার চেষ্টার পর ফিরে এসেছেন জাতিসংঘ বিশেষ প্রতিনিধি জামাল বেনোমার। মঙ্গলবার নিরাপত্তা পরিষদে ভাষণ দেয়ার কথা রয়েছে বেনোমারের। সালেহ শনিবার ঘোষণা দিয়েছেন, কিছুদিনের মধ্যেই তিনি পদত্যাগ করবেন। কিন্তু এরআগে তিনবার ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েও শেষমুহূর্তে বেকে বসেন সালেহ। তার এবারের ঘোষণাও আগে দেওয়া ঘোষণাগুলোর পরিণতি বরণ করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। আর এ কারণেই এবার পদত্যাগের ঘোষণা দেওয়ার পর নিরাপত্তা পরিষদ ইয়েমেন বিষয়ে এ বৈঠক আহ্বান করল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪০০ ঘ.