ইয়াঙ্গুন, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের মানবাধিকার কমিশন রাজনৈতিক কারণে কারাবন্দিদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদপত্রে খোলাচিঠির মাধ্যমে সরকার নিয়োগকৃত মানবাধিকার কমিশন এ আহ্বান জানায়।
মিয়ানমারের নতুন সরকার শিগগিরই রাজবন্দিদের মুক্তি দিতে পারে বলে যে সম্ভাবনার কথা ভাবা হচ্ছিল এই খোলাচিঠি তারই লক্ষণ বলে মনে করা হচ্ছে।
প্রকাশিত ওই খোলাচিঠিতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান উইন ম্রা লিখেন, যেসব বন্দি রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও জনগণের শান্তির জন্য ঝুঁকিপূর্ণ নয় তাদের মুক্তি দেওয়া উচিৎ।
ওই চিঠিতে আরো বলা হয়, "এইসব কারণ বিবেচনা করে, কারাবন্দিদের মুক্তি দিতে মিয়ানমারের সরকারের প্রতি মানবাধিকার কমিশন সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছে।"
মিয়ানমারের ওপর থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে ২ হাজার ১শ' রাজবন্দিকে মুক্তি দেওয়ার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ শর্ত।
মাধবাধিকার লঙ্ঘণের অভিযোগে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও ইইউ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২০৮ ঘ.
bdnews24