বাগদাদ, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ প্রত্যাহারের সময়সীমার পরও মার্কিন সেনারা প্রশিক্ষক হিসেবে ইরাকে থাকতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি। এ বছর শেষ নাগাদ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে।
ইরাকের রাজনৈতিক দলগুলো ওই সময়সীমার পর ইরাকে কোনো মার্কিন সেনা উপস্থিতিকে সমর্থন জানায়নি।
মার্কিন সেনাদের ইরাকে প্রশিক্ষক হিসেবে রাখার প্রস্তাবে মালিকি গত সপ্তাহে রাজনৈতিক নেতাদের সমর্থন পেলেও ওয়াশিংটনের দাবি অনুযায়ী তাদেরকে কোনো আইনি ছাড় দেওয়ার ব্যাপারে নেতাদের সমর্থন পাননি।
মালিকি বলেন, মার্কিন সেনাদের মিশন যুক্তরাষ্ট্রের দূতাবাসে প্রশিক্ষণ কাজ চালানো কিংবা বৃহত্তর ন্যাটো প্রশিক্ষণ গ্র"পে যোগ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। অন্যথায়, যুক্তরাষ্ট্র আইনি ছাড়ের বিষয়টি নিয়ে দ্বিপক্ষীয় চুক্তির চেষ্টা চালালে ইরাকের পার্লামেন্টে তা পাশ নাও হতে পারে।
বাগদাদে প্রেসিডেন্ট প্রাসাদে দেওয়া সাক্ষাৎকারে মালিকি বলেন, ইরাকের এখনো প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। আর অনেক বিকল্পও আছে। রাজনৈতিক নেতারাও তা স্বীকার করেন। সেকারণে যুক্তরাষ্ট্র ও ইরাকের মধ্যে আলোচনা চলছে।
তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরাকের সঙ্গে বর্তমান চুক্তির আওতায় সেনাদের আইনি সুরক্ষা দেওয়া না হলে প্রশিক্ষণ নিয়ে কোনো চুক্তি হবে না। দায়িত্বপালনকালে সেনাদের সংঘটিত কোনো অপরাধের ক্ষেত্রে এ আইনি সুরক্ষা বা ছাড় চায় যুক্তরাষ্ট্র।
গত বছর ইরাক যুদ্ধ শেষের পর দেশটিতে অবস্থানরত ৪৪ হাজার মার্কিন সেনা চলতি বছরের শেষ নাগাদ পুরোপুরি প্রত্যাহার করে নেয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭২১ঘ.
bdnews24