কায়রো, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের রাজধানী কায়রোতে সেনাপুলিশের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংঘর্ষে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় মিশরের মন্ত্রিসভার এক জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।
রোববার একটি চার্চে হামলার প্রতিবাদে খ্রিস্টান ধমার্বলম্বীরা কায়রোর মাসপোরো চত্বরে রাষ্ট্রীয় টিভি ভবনের সামনে বিক্ষোভ করছিল। গত সপ্তাহে আসোয়ান প্রদেশে ওই চার্চে হামলা হয়। বিক্ষোভকারীরা আসোয়ান প্রদেশের গভর্নরের পদত্যাগ দাবি করে ও রাষ্ট্রীয় টেলিভিশনের বিরুদ্ধে শ্লোগান দেয়। তাদের অভিযোগ রাষ্ট্রীয় টেলিভিশন খ্রিস্টানবিরোধী মনোভাব উস্কে দিচ্ছে।
এসময় সেনাপুলিশ বিক্ষোভকারীদের নিবৃত্ত করার চেষ্টা করলে তারা উত্তেজিত হয়ে সেনাপুুলিশের ওপর পাথর নিয়ে চড়াও হয়। এক পর্যায়ে তারা আশপাশে থাকা গাড়িতে আগুন ধরিয়ে দেয় ও সেনাবাহিনীর কয়েকটি গাড়ি জ্বালিয়ে দেয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করে, প্রতিবাদ কর্মসূচিতে সাদা পোশাকের নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলা চালিয়েছে।
টিভি ভবনের সামনের মাসপোরো চত্বরে সংঘর্ষ শুরু হলেও একসময় তা স্বাধীনতা চত্বর (তাহরির স্কোয়ার) পর্যন্ত ছড়িয়ে পড়ে।
সেনাপুলিশের সাথে সংঘর্ষের সময় খ্রিস্টান ধর্মাবলম্বীরা ছাড়াও সাধারণ মানুষও তাদের সাথে যোগ দেয়।
কয়েকজন বিক্ষোভকারী অভিযোগ করেছে, তারা গুলিবর্ষণের আওয়াজ পেয়েছে। অন্য কয়েকজন জানিয়েছে, সেনাপুলিশের একটি গাড়ি বিক্ষোভকারীদের ওপর দিয়ে চালিয়ে দিলে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়।
গণতান্ত্রিক আন্দোলনকারী আসমা মাহফুজ এ ঘটনাকে হুসনি মুবারক বিরোধী ২৫ জানুয়ারির আন্দোলনের সাথে তুলনা করেছেন।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে ২৪ জন নিহত হয়েছে এবং ২১৩ জন আহত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে তিন সেনা নিহত হওয়ার কথা বলা হয়েছে। আহতদের মধ্যে ১০৭ জন বেসামরিক নাগরিক ও ৮৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানিয়েছে বিবিসি।
মিশরের প্রধানমন্ত্রী এশাম শরাফ ঘটনাস্থল মাসপোরো চত্বর পরিদর্শন করেছেন। তিনি সেখানে উপস্থিত লোকজনের সাথে ঘটনা নিয়ে কথা বলেছেন বলে জানিয়েছে মিশরের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এমইএনএ।
ঘটনার প্রতিক্রিয়ায় রাষ্ট্রীয় টেলিভিশনকে শরাফ বলেন, মিশরের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে ও দেশের স্থিতিশীলতা নষ্ট করতে দেশি-বিদেশি চক্র ষড়যন্ত্র করছে।
এক বিবৃতিতে মিশরের মন্ত্রিসভা জানিয়েছে, গণতান্ত্রিক রূপান্তর ও মিশরের জাতীয় সংহতি বিনষ্ট করার সুযোগ কোন পক্ষকে দেয়া হবে না।
মন্ত্রিসভার মুখপাত্র মোহাম্মদ হেগাজি জানিয়েছেন, ঘটনাটি নিয়ে আলোচনার জন্য সোমবার মন্ত্রিসভার এক জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।
সেনাবাহিনী কায়রোর স্বাধীনতা চত্বর ও শহরতলী এলাকায় স্থানীয় সময় ভোররাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩১৭ ঘ.
bdnews24