মুম্বাই, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উপমহাদেশের প্রখ্যাত গজলশিল্পী জগজিৎ সিং আর নেই। ভারতের মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭০।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার শান্তি কামনা করেন। জগজিৎ সিংয়ের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানান তিনি।
গত মাসের শেষদিকে অপর এক প্রখ্যাত গজলশিল্পী গুলাম আলির সাথে যৌথভাবে মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করার কথা ছিল তার। কিন্তু তার আগেই তিনি আকস্মিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বলে এনডিটিভি জানায়।
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেসময় চিকিৎসকরা জানিয়েছিলেন, তার অবস্থা আশঙ্কাজনক।
২৩ সেপ্টেম্বর মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে এই শিল্পীর মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। এরপর গত সপ্তায় তাকে একই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।
৭০ বছর বয়সী 'গজল সম্রাট' দীর্ঘদিন ধরেই উচ্চরক্তচাপে ভুগছিলেন।
জগজিৎ সিং-এর মৃত্যুতে শোক প্রকাশ করে প্রখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস বলেন, "জগজিৎ সিংয়ের মৃত্যু সঙ্গীত জগতের জন্য এক বিশাল ক্ষতি।"
২০০৩ সালে ভারত সরকারের পদ্মভূষণ খেতাব পাওয়া এই শিল্পী গত চার দশক ধরে একাধারে হিন্দি, পাঞ্জাবি, উর্দু, বাংলা, গুজরাটি, সিন্ধি ও নেপালি ভাষায় গান শুনিয়ে আসছেন উপমহাদেশের শ্রোতাদের। তার স্ত্রী চিত্রা সিংও একজন বিখ্যাত শিল্পী।
স্ত্রী চিত্রাকে সঙ্গে নিয়ে জগজিৎ সিং ভারতে গজলের পুনর্জাগরণ সৃষ্টি করেছেন বলে মনে করা হয়। এই শিল্পী দম্পতির আয়ের একটি বড় অংশ ব্যয় হয় ভারতের বিভিন্ন দাতব্য সংস্থার কাজে।
বাংলাদেশে এসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গান গেয়ে এ দেশের শ্রেতাদেরও মুগ্ধ করেছেন গজল সম্রাট। তার কণ্ঠে 'আজ কিছু হতে চলেছে', 'বেদনা মধুর হয়ে যায়', 'বেশি কিছু আশা করা ভুল', 'নদীতে তুফান এলে', 'তোমার চুল বাঁধা দেখতে দেখতে'র মতো রোমান্টিক ধাঁচের বাংলা গানগুলো শ্রোতাদের মনে বিশেষ স্থান দখল করে আছে।
২৩ সেপ্টেম্বরের অনুষ্ঠানে গুলাম আলির সাথে যৌথভাবে সঙ্গীত পরিবেশন সম্পর্কে জগজিৎ সিং বলেছিলেন, "তার মতো (গুলাম আলী) একজন জীবন্ত কিংবদন্তির সঙ্গে একমঞ্চে সংগীত পরিবেশন করা সৌভাগ্যের ব্যাপার। সেই সুযোগ তৈরি করে দেওয়ায় আয়োজকদের আমি ধন্যবাদ জানাই।"
তবে তার সেই আকাক্সক্ষা পূরণ হয় নি। তার আগেই অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয় তাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১২৯ ঘ.
bdnews24