তিউনিস, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-তিউনিসিয়ার একটি বিশ্ববিদ্যালয় নেকাব পরা এক নারীকে ভর্তি নিতে অস্বীকৃতি জানানোয় শনিবার সেখানে হাঙ্গামা করেছে মুসলিম চরমপন্থিরা।
রাজধানী তিউনিস থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণে সৌস বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদের প্রধান মোনসেফ আব্দুল জলিল বলেন, "সকালে একদল ইসলামি চরমপন্থি বিশ্ববিদ্যালয়ের সাধারন সম্পাদকের ওপর হামলা করে।"
তিউনিসিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএপি জলিলের বরাত দিয়ে জানায়, প্রায় শ' দুই বিক্ষোভকারী অনুষদের বাইরে বিক্ষোভ করে। শিক্ষার্থীদের মুখ ঢাকা বোরকা পরার অধিকার দাবি করে লেখা ব্যানার নিয়ে ভবনে ঢুকে পড়ে বিক্ষুব্ধরা। এতে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়ে।
এ ঘটনার পর অনুষদের বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
নেকাব নামে পরিচিত মুখ ঢাকা বোরখা তিউনিসিয়ায় বিরল হলেও বিষয়টি নিয়ে ধর্মীয় চরমপন্থি এবং ধর্ম নিরপেক্ষতাবাদীদের মধ্যে বিতর্ক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৫৩ঘ.
bdnews24