সানা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন তিনি। নয় মাসের গণবিক্ষোভের মুখে তিনি এ ঘোষণা দিলেন।
শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, "আমি ক্ষমতা লোভী নই এবং ক্ষমতা আকড়ে থাকবো না। আগামী কয়েকদিনের মধ্যে আমি ক্ষমতা ছাড়ছি।"
আরব বিশ্বে চলমান গণতান্ত্রিক আন্দোলনের মুখে তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা ছাড়বেন তিনি।
অবশ্য এর আগে কয়েকবার সালেহ ক্ষমতা ছাড়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত বেঁকে বসেছেন।
ইয়েমেনে সালেহর ৩৩ বছরের শাসনাবসানের দাবিতে গত জানুয়ারি থেকে দেশটিতে বিক্ষোভ হচ্ছে।
গত জুনে প্রেসিডেন্ট প্রাসাদে গোলা হামলায় গুরুতর আহত হন সালেহ। চিকিৎসা নিতে সৌদি আরব যান তিনি। সেখান থেকে গত মাসে দেশে ফেরেন।
কিন্তু সালেহর পতনের দাবিতে চলমান আন্দোলনে দেশটিতে দীর্ঘদিন ধরে অচলাবস্থা বিরাজ করছে।
তার বিরুদ্ধে আন্দোলনে ভূমিকা রাখায় দেশটির নারী অধিকার আন্দোলনের নেত্রী তাওয়াকুল কারমানকে এ বছর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ২০১১ সালের এ পুরস্কারের জন্য লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন-সারলিফ এবং তার স্বদেশী লেমা বোয়ির সঙ্গে কারামানের নাম ঘোষণা করে নোবেল কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/০০৩৫ ঘ.
bdnews24