ওয়াশিংটন, আক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উইকিলিকসে নথি ফাঁস হওয়ার মতো ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিত করতে নতুন একটি আদেশ জারি করেছেন বারাক ওবামা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার এক আদেশে তথ্যের নিরাপত্তা রক্ষা এবং এক্ষেত্রে কোনো নিয়মের লঙ্ঘন হলে তা সনাক্ত করতে জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন।
পাশাপাশি স্পর্শকাতর তথ্য নিয়ে কাজ করেন এমন সরকারি কর্মকর্তা, আমলা, কূটনীতিক ও সৈন্যদের কর্মকাণ্ডের ওপর নজরদারির জন্য একটি টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ও জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ওই টাস্কফোর্সের নেতৃত্ব দেবেন। তারা এক বছরের মধ্যে তথ্য চুরি রোধে সরকারের নীতি ঠিক করার পাশাপাশি তথ্য ব্যবহারের ক্ষেত্রে বিধি-নিষেধের মানদণ্ড ঠিক করবেন।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, "আমাদের প্রচেষ্টার কৌশলগত উদ্দেশ্য, আমাদের গোপন তথ্যের যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত কারণে যাদের তথ্যগুলো প্রয়োজন তাদের মধ্যে সেগুলোর বিনিময় হওয়া।"
গত বছর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রায় আড়াই লাখ গোপন নথি ফাঁস করে দিয়ে বিশ্বে আলোড়ন তৈরি করে জুলিয়ান অ্যাসাঞ্জের ওয়েবসাইট উইকিলিকস।
ওই সব নথিতে বিভিন্ন দেশের কর্মকর্তা সম্পর্কে মার্কিন কূটনীতিকদের 'অসংযত' মন্তব্য প্রকাশিত হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতি তারাও ক্ষুব্ধ হন।
পেন্টাগন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি ফাঁসের ঘটনা তদন্তকারী কর্মকর্তাদের ধারণা, পর্যাপ্ত নিরাপত্তা না থাকার কারণে ইরাকে একটি মার্কিন ঘাঁটিতে কর্মরত নিরাপত্তা বিশ্লেষক ব্র্যাডলি ম্যানিং জুলিয়ান অ্যাসাঞ্জকে তথ্য পাচারের সুযোগ পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/পিডি/১৮৪৯ ঘ.
bdnews24