২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আফগান যুদ্ধে ধ্বংস হয়ে গেছে আল কায়েদা'

এক দশকের আফগান যুদ্ধে আল কায়েদাকে প্রায় ধ্বংস করে ফেলা গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে আফগানিস্তানের পুনর্গঠন 'বিশাল চ্যালেঞ্জ' বলে মনে করছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2011, 07:37 AM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ওয়াশিংটন, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক দশকের আফগান যুদ্ধে আল কায়েদাকে প্রায় ধ্বংস করে ফেলা গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে আফগানিস্তানের পুনর্গঠন 'বিশাল চ্যালেঞ্জ' বলে মনে করছেন তিনি। আফগানিস্তানে আল কায়েদার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনা অভিযানের দশমবর্ষ পূর্তিতে তিনি একথা বলেন। টুইন টাওয়ার হামলার জন্য যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন আল কায়েদাকে দায়ী করে। ওই সংগঠনকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলোর জোট ২০০১ সালের ৭ অক্টোবর আফগানিস্তানে সেনা অভিযান চালায়। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডব্লিউ বুশ (জুনিয়র)। শুক্রবার ছিল ওই অভিযানের দশম বর্ষপূর্তি। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে দেওয়া এক বিবৃতিতে ওবামা বলেন, "ওসামা বিন লাদেনসহ আল কায়েদার অন্যান্য নেতাদের প্রতি 'সুবিচার' করার পর অন্য যে কোন সময়ের চেয়ে এখন আমরা আল কায়েদার খুনি নেটওয়ার্ককে পরাজিত করার খুব কাছে পৌঁছে গেছি।" "তাদের প্রধান শক্তিকেন্দ্র থেকে তালেবানদের হঁটিয়েছি আমরা, আফগান সেনাবাহিনী ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে এবং আফগান জনগণের সামনে নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ তৈরি হয়েছে," বলেন ওবামা। প্রেসিডেন্ট ওবামার সময়ে জঙ্গিদের বিরুদ্ধে চালকবিহীন বিমান (ড্রোন) হামলা বৃদ্ধি পায়। আগের সম্মুখ সমরের তুলনায় এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাফল্য অনেক বেশি। ড্রোনের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে আকস্মিক হামলা চালানো যায়। ফলে ক্ষয়ক্ষতি যেমন কম হয়, পাশাপাশি সফল হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। এক সপ্তাহ আগে ইয়েমেনের আল কায়েদা প্রধান মার্কিন বংশোদ্ভূত আনওয়ার আল আওলাকি যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন। এর আগে চলতি বছরের মে মাসে পাকিস্তানে আল কায়েদার প্রতিষ্ঠাতা ও শীর্ষনেতা ওসামা বিন লাদেনকে হত্যার পর আওলাকিই হলেন স¤প্রতি নিহত আল কায়েদার অপর অন্যতম শীর্ষ নেতা। যুক্তরাষ্ট্রের তথ্যমন্ত্রী জে কার্নি বলেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের কৌশল যেমন বিপর্যয়ের শিকার হয়েছে তেমনি সাফল্যও পেয়েছে, তবে প্রেসিডেন্ট ওবামার প্রধান লক্ষ্য "আল কায়েদাকে বিপর্যস্ত করে, মনোবল ভেঙ্গে দিয়ে সম্পূর্ণভাবে পরাজিত করা, আর সেকাজ" ভালোভাবেই চলছে। যুক্তরাষ্ট্রের আফগান মিশন পরিচালনাকারী সামরিক জোট ন্যাটো জানিয়েছে, তালেবানের হামলা হ্রাস পেয়েছে এবং আফগানিস্তানের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে বিপদ এখনো পুরোপুরি দূর হয় নি। চলতি বছরের শেষ নাগাদ আফগানিস্তান থেকে ১০ হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র এবং আগামী গ্রীষ্মের মধ্যে প্রত্যাহার হবে আরো ২৩ হাজার। এভাবে ২০১৪ সালের মধ্যে আফগানিস্তানে মোতায়েন বিদেশি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের মধ্য দিয়ে আফগান সেনাবাহিনীর হাতে দেশটির নিরাপত্তার ভার তুলে দেয়া হবে। "এক দশকের কঠিন সময়ের পর, আমরা শক্তিশালী অবস্থান অক্ষুণœ রেখেই দায়িত্বশীলতার সাথে আফগান যুদ্ধ শেষ করছি," বলেন ওবামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩২৭ ঘ.