২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা রক্ষায় ব্যর্থ হয়েছি: কারজাই

আফগানদের নিরাপত্তা রক্ষায় সরকার এবং ন্যাটো বাহিনী ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2011, 04:32 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

কাবুল, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানদের নিরাপত্তা রক্ষায় সরকার এবং ন্যাটো বাহিনী ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আফগানিস্তানে তালেবান শাসনাবসানের ১০ বছর পূর্তিতে শুক্রবার বিবিসি'কে দেওয়া এক সাক্ষাৎকারে কারজাই এ স্বীকারোক্তি দেন। তিনি বলেন, "আমরা আফগান জনগণকে নিরাপত্তা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু এখানেই আমাদের সরকার এবং আন্তর্জাতিক বাহিনী সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছে।" আফগানিস্তানে ২০০১ সালে তালেবান শাসন উৎখাতের পর এ বছর প্রথমার্ধেই দেশটিতে সাধারন মানুষ হতাহতের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। তবে কারজাই বলেন, বিদেশি বাহিনী আফগানিস্তান ছাড়ার সময় হয়ে আসায় আগামী দিনগুলোতে দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটতে পারে বলে আশা করছেন তিনি। "নিরাপত্তা রক্ষায় সঠিক পদক্ষেপ নিলে হয়তো অবস্থার উন্নতি হবে", বলেন কারজাই। সাক্ষাৎকারে জঙ্গি তৎপরতায় মদদ দেওয়ার জন্য তিনি পাকিস্তানের সমালোচনা করার পাশাপাশি ২০১৪ সালে পদত্যাগ করবেন বলে জানান। উত্তরসূরী বাছাইয়ের কাজ চলছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২২৭ঘ.