২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সারলিফ: লৌহমানবী বলে পরিচয় যার

লাইবেরিয়ায় ১৪ বছরের গৃহযুদ্ধ শেষে ২০০৫ সালে আফ্রিকার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ তার সমর্থকদের কাছে 'লৌহমানবী' নামেই পরিচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2011, 12:37 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

এহেছান লেনিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লাইবেরিয়ায় ১৪ বছরের গৃহযুদ্ধ শেষে ২০০৫ সালে আফ্রিকার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ তার সমর্থকদের কাছে 'লৌহমানবী' নামেই পরিচিত। প্রেসিডেন্ট পদে এক মেয়াদে দায়িত্ব পালনের প্রতিশ্র"তি দিলেও মঙ্গলবার দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন তিনি। তবে এরই মধ্যে শুক্রবার জয় করে নিলেন শান্তিতে নোবেল পুরস্কার। নোবেল কমিটি তার অহিংস উপায়ে নারীদের নিরাপত্তা এবং অধিকার বাস্তবায়নে কাজ করার বিষয়টিকে বিবেচনা করেই পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করে। তবে শুধু তিনি নন পুরস্কারে ভাগ বসিয়েছেন স্বদেশি ও ইয়েমেনের আরো দুই নারী। ৭২ বছর বয়সি সারলিফ লাইবেরিয়ার ২৪তম এবং বর্তমান প্রেসিডেন্ট। এর আগে ১৯৭৯ সাল থেকে ৮০ সালে সামরিক অভ্যূত্থানের আগ পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম টোলবার্টের অধীনে অর্থমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি। এরপর দেশ ছেড়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন অর্থনীতি বিষয়ে বিশেষ পারদর্শী এই নারী নেত্রী। ১৯৯৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ব্যবধানে পরাজিত হলেও ২০০৫ এর নির্বাচনে ঠিকই জনগণের আনুকূল্য পান তিনি। হয়ে যান আফ্রিকায় নির্বাচিত প্রথম নারী রাষ্ট্রপ্রধান। ১৯৩৮ সালের ২৯ অক্টোবর মনরোভিয়ায় এই সারলিফের জন্ম। ছাত্রী অবস্থায়ই মাত্র ১৭ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন সারলিফ, স্বামী জেমস সারলিফ। আর এর পরই লাইবেরিয়া ছেড়ে স্বামীর সঙ্গে চলে যান যুক্তরাষ্ট্রে। ঘর-সংসার শুরু করলেও পড়াশোনাটা ছাড়েননি অর্থনীতির এই ছাত্রী। নিজ আগ্রহে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসন থেকে হিসাব বিজ্ঞান বিষয় এবং এরপর ইউনিভার্সিটি অব কলোরাডো, বাউল্ডার থেকে নেন অর্থনীতির উপর ডিগ্রি। ১৯৬৯ থেকে ৭১ পর্যন্ত তিনি অর্থনীতি ও পাবলিক পলিসি বিষয়ে পড়াশোনা শেষে লোক প্রশাসন বিষয়ে মাস্টার ডিগ্রিটা নেন তিনি। এরপরই দেশের পথে পাড়ি জমান সারলিফ। সুযোগও পেয়ে যান উইলিয়াম টোলবার্ট সরকারে। দায়িত্ব পান সহকারী অর্থমন্ত্রীর। ১৯৭২ থেকে ৭৩ পর্যন্ত ওই দায়িত্ব পালন কররেও মাঝখানে পদত্যাগের পর ১৯৭৯ সালে অর্থমন্ত্রীর দায়িত্বটা ঠিকই বাগিয়ে নেন তিনি। ১৯৮০ সালে সামরিক অভ্যূত্থানের মাধ্যমে স্যামুয়েল ডো'র ক্ষমতা দখলের আগ পর্যন্ত তিনি ছিলেন ওই দায়িত্বেই। সে সময় ফায়ারিং স্কোয়াডে টোলবার্টসহ মন্ত্রিপরিষদের চার সদস্যের মৃত্যু কার্যকর করা হয়। স্যামুয়েল সরকারের সমালোচনা করায় সে সময় জেল খাটতে হয় সারলিফকেও। ছাড়া পেয়েও ওই বছরই দেশ ছাড়েন তিনি। শুরু হয় 'অন্যজীবন'। এর পর বিশ্বব্যাংক, সিটিব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করলেও মাঝে ১৯৮৫ সালে নির্বাচনে অংশগ্রহণ করেন। সে সময় দায়িত্ব থেকে পদত্যাগও করেন তিনি। তবে এরপর থেকে ২০০৫ সলে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানের উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন সারলিফ। তবে ২০০৯ সালে লাইবেরিয়ার ট্রুথ কমিশন যুদ্বাপরাধী টেইলরের সহযোগী হিসেবে ৩০ বছরের জন্য এই নারী রাষ্ট্রপ্রধানকে রাজনীতিতে নিষিদ্ধ করার সুপারিশ করে। কয়েক বছর আগে এলেন জনসনের সাবেক স্বামী মারা যান। চার সন্তানের জননী সারলিফের ছয় নাতি-নাতনি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এমআই/১৮৩২ ঘ.