ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্পোরেট দুনিয়ায় আইকনিক চরিত্র হলেও সদ্যপ্রয়াত স্টিভ জবস ব্যক্তিগত জীবনাচারে ছিলেন প্রথাবিরোধী।
নীল রংয়ের জিন্স পরেই অ্যাপলের প্রধান নির্বাহীর কাজ চালাতেন তিনি। যৌবনে ভারতে এসে এলএসডি সেবনের অভিজ্ঞতা তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বলেও বিবৃত করেছেন এক সময়। ঊনিশ শ' ষাটের দশকে পশ্চিমের সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গেও একাত্ম ছিলেন জবস।
নিউ ইয়র্ক টাইমসসহ পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে, ষাটের দশক কাঁপানো মার্কিন ফোক গায়িকা জোয়ান বায়েজের সঙ্গে প্রণয় ছিল জবসের। ১৪ বছরের বড় জোয়ানের সঙ্গে সেই সম্পর্ক দীর্ঘায়িত না হলেও বেশ আলোচিত ছিল তা।
ঊনিশশ আশির দশকের গোড়ার দিকে বায়েজের সঙ্গে জবসের সেই প্রেমের কথা জানিয়ে তার পুরোনো এক সহকর্মী বলেন, "একটি বৈঠকের আগে ওর (জবস) মেজাজ ছিল বেজায় চড়া। আগের রাতে জোয়ানের সঙ্গে বেশ ঝগড়া হয়েছিল।"
১৯৭১ সালে কনসার্ট ফর বাংলাদেশে 'বাংলাদেশ, বাংলাদেশ' গান গেয়ে এদেশের তরুণদেরও মন কেড়ে নিয়েছিলেন জোয়ান। মুক্তিযুদ্ধে অবদানের জন্য অন্য বিদেশিদের সঙ্গে তাকেও পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয় সরকার।
সিরিয়ান এক আরবের ঔরসে জন্ম নেওয়া জবস ৭০ এর দশকে ছাত্রাবস্থায় ভারত সফরে এসেছিলেন। সে সময় তিনি বৌদ্ধ ধর্মে অনুরক্ত হয়ে ওঠেন এবং নিরামিষভোজী হয়ে যান।
অ্যাপল 'প্রবাদপুরুষ' জবস বিয়ে করেন ১৯৯১ সালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/২০৫২ ঘ.
bdnews24