বৈরুত, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñসিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল -আসাদের দমনপীড়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে অনড় তুরস্ক। বুধবার তুর্কি প্রধানমন্ত্রী এ অটল মনোভাব প্রকাশ করেছেন।
মঙ্গলবার জাতিসংঘে চীন ও রাশিয়ার ভেটোতে সিরিয়ার ওপর নিন্দা প্রস্তাব বন্ধ হয়ে গেলেও নিজে পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেন রেসেপ তায়েপ এরদোয়ান ।
তিনি বলেন, সাধারণত ভেটো নিষেধাজ্ঞা রুখে দিতে পারে না। কতগুলো নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।
দক্ষিণ আফ্রিকা সফররত তুর্কি প্রধানমন্ত্রী আরো বলেন, আগামী কয়েকদিনের মধ্যে তুরস্কে সিরীয় শরণার্থী শিবির পরিদর্শন শেষে তিনি এ নিষেধাজ্ঞা ঘোষণা করবেন।
সিরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ নিন্দা প্রস্তাবে চীন ও রাশিয়ার ভেটো পশ্চিমারাষ্ট্রগুলোকে ক্ষুব্ধ করেছে।
দেশগুলো ব্যক্তিগতভাবে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও আসাদের ওপর চাপ আরো বাড়াতে জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের পথ সুগম করার চেষ্টা চালাচ্ছে।
জাতিসংঘে চীনের প্রতিনিধি লি বাওডং একে 'সিরিয়ার অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ' দাবি করে বলেন, বর্তমান পরিস্থিতিতে নিষেধাজ্ঞা আরোপ বা নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে সিরিয়া সমস্যার সমাধান সম্ভব নয়। বরং এতে সমস্যা আরো জটিল হতে পারে।
ইউরোপীয় দেশগুলো নিন্দা প্রস্তাবের বিষয়বস্তু তিনবার পরিবর্তন করেছে। তারা রাশিয়া ও চীনের অভিযোগগুলো এতে অন্তর্ভুক্ত করার চেষ্টাও চালায়।
সিরিয়ায় সহিংসতা অব্যাহত থাকলে সেখানে অবরোধ আরোপের পরিবর্তে 'সুনির্দিষ্ট বিষয়ে' ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে খসড়া প্রস্তাবে।
এরআগে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী জেন্নাডি গাতিলোভ এই খসড়া প্রস্তাবকে 'অগ্রহণযোগ্য' মন্তব্য করেন।
তিনি বলেন, এই প্রস্তাব ভবিষ্যতে অবরোধ আরোপের ছবিই আঁকছে এবং এতে প্রেসিডেন্ট আসাদের প্রতি বিরোধী পক্ষের সাথে আলোচনায় বসার কোনো আহ্বান জানানো হয় নি।
সিরিয়ার সরকার জানায়, সংস্কারকাজ শুরু করা এবং বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসার প্রক্রিয়া চলছে।
জাতিসংঘের হিসেব অনুযায়ী, গত মার্চ মাসে সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর দমনাভিযানে এ পর্যন্ত ২ হাজার ৭শ'রও বেশি মানুষ নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২১৪৩ঘ.
bdnews24