২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে হাক্কানির উর্ধ্বতন কমান্ডার নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে বিমান হামলায় হাক্কানি নেটওয়ার্কের উর্ধ্বতন এক কমান্ডার ও তার দুই সহযোগী নিহত হয়েছে বলে বুধবার জানিয়েছে ন্যাটো বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 12:35 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ন্যাটো, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে বিমান হামলায় হাক্কানি নেটওয়ার্কের উর্ধ্বতন এক কমান্ডার ও তার দুই সহযোগী নিহত হয়েছে বলে বুধবার জানিয়েছে ন্যাটো বাহিনী। পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশে নিহত ওই কমান্ডারের নাম দিলাওয়ার। গত সপ্তাহে আফগানিস্তানে ন্যাটো বাহিনীর হাতে ধরা পড়া শীর্ষ হাক্কানি কমান্ডার হাজি মালি খানের প্রধান সহযোগী ছিলেন তিনি। ন্যাটো-পরিচালিত আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনী (আইএসএএফ) এক বিবৃতিতে বলেছে, দিলাওয়ারের মৃত্যু জঙ্গি দলটির জন্য বড় ক্ষতি। দিলওয়ার আফগান বাহিনীর ওপর সমন্বিত হামলা চালানো এবং অস্ত্র সরবরাহের দায়িত্বে ছিলেন। ন্যাটো আরো জানায়, দিলাওয়ার আফগানিস্তানে বিদেশি জঙ্গিদের প্রবেশ করতে সহায়তা করতেন। আল কায়েদা ও উজবেকিস্তানের ইসলামিক মুভমেন্টের সঙ্গেও তিনি জড়িত ছিলেন। খোস্ত এবং পাকটিকা প্রদেশের মধ্যকার সীমান্ত এলাকায় ছিলো তার সক্রিয় উপস্থিতি। আফগানিস্তানের পূর্বাঞ্চলে হাক্কানি নেটওয়ার্ক অচল করে দিতে এ বছর ৫শ'৩০টিরও বেশি অভিযান চালিয়েছে আফগান ও ন্যাটো বাহিনী। হাক্কানি নেটওয়ার্কের প্রায় ১ হাজার ৪ শ' সন্দেহভাজন জঙ্গি আটক হয়েছে। অক্টোবরেই ধরা পড়েছে ১শ' জন। এছাড়া, দলটির ২০ জন নেতাকেও হত্যা করা হয়েছে। আফগানিস্তানে লড়াইরত তালেবান-সংশ্লিষ্ট তিনটি জঙ্গিদলের মধ্যে হাক্কানি নেটওয়ার্কই সবচেয়ে দুধর্ষ বলে ধারণা করা হয়। দলটি তালেবান-সংশ্লিষ্ট হলেও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)'র সঙ্গে এর সম্পর্ক রয়েছে বলে অভিযোগ আছে। গত মাসে কাবুলে মার্কিন দূতাবাস ও ন্যাটো দপ্তরে হামলার পর হাক্কানি গ্র"পকে আইএসআইয়ের গুরুত্বপূর্ণ 'অস্ত্র' আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী জয়েণ্ট চীফস অফ স্টাফ অ্যাডমিরাল মাইক মুলেন। তবে হাক্কানি দলের প্রধান সিরাজুদ্দিন হাক্কানি জানিয়েছেন, তাদের এখন আর পাকিস্তানে আশ্রয় প্রয়োজন নেই। তারা আফগানিস্তানেই অনেক নিরাপদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮২৪ ঘ.