ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা ১১ বছর ধরে বিশ্বের সেরা ব্র্যান্ডের তালিকায় শীর্ষে থাকা কোকাকোলা দ্বাদশ বারও তাদের একই অবস্থান ধরে রেখেছে।
ব্রিটিশ পত্রিকা দি সান মঙ্গলবার জানায়, বিক্রয়, ব্র্যান্ডের মূল্য এবং জনসাধারণের কাছে পণ্যের গ্রহণযোগ্যতার ভিত্তিতে কম্পিউটার ব্র্যান্ড আইবিএম, সফটওয়্যার ব্র্যান্ড মাইক্রোসফট এবং ইন্টারনেট ব্র্যান্ড গুগলকে পিছে ফেলেছে কোমল পানীয় কোকাকোলা।
আইবিএম, মাইক্রোসফট ও গুগল রয়েছে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে।
পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম অবস্থানে রয়েছে যথাক্রমে জেনারেল ইলেকট্রিক, ম্যাকডোনাল্ড'স ও ইন্টেল।
আরেক কম্পিউটার ব্র্যান্ড অ্যাপেল তালিকায় অষ্টম স্থানে রয়েছে। এক বছর আগে এর অবস্থান ছিলো ১৭তম।
নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ডিজনি ও হিউলেট-প্যাকার্ড।
মোবাইল ফোন ব্র্যান্ড নকিয়া এবং গেমিং ব্র্যান্ড নিনটেনডো তাদের গতবছরের অবস্থান থেকে নিচে নেমে এসেছে।
ব্রিটেনের শীর্ষ ব্র্যান্ড হিসেবে এইচএসবিসি বিশ্বব্যাপী তালিকার ৩২তম অবস্থানে রয়েছে। এছাড়া ফ্যাশন হাউজ বারবেরি শীর্ষ ১০০ ব্র্যান্ডের তালিকায় ৯০তম অবস্থানে উঠে এসেছে।
গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টয়োটা বিশ্বের শীর্ষ গাড়ির ব্র্যান্ড হিসেবে অবস্থান ধরে রেখেছে। জাপানে ভূমিকম্প ও সুনামি বিপর্যয়ের পরেও তালিকার ১১তম অবস্থানে আছে টয়োটা।
বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড কনসালটেন্সি প্রতিষ্ঠান ইন্টারব্র্যান্ড প্রতিবছর এ তালিকা প্রস্তুত করে থাকে।
ইন্টারব্র্যান্ডের প্রধান নির্বাহী জেজ ফ্র্যাম্পটন বলেন, বর্তমান যুগে অনিশ্চয়তাই সবচেয়ে বড়ো ভারসাম্য রক্ষাকারী, তাই দ্রুত পরিবর্তিত হতে থাকা আজকের বিশ্বে টিকে থাকতে হলে বর্তমানের ব্র্যান্ডগুলোকে হতে হবে ক্ষিপ্রগতিসম্পন্ন। স্থিতিশীলতা, প্রাসঙ্গিকতা এবং প্রতিশ্র"তির ব্যাপারগুলোও অবশ্যই থাকতে হবে।
অ্যাপেলের উঠে আসাকে প্রযুক্তি খাতের ক্রমবিকাশের প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে। এছাড়া নাটকীয়ভাবে তালিকায় উপরে উঠে আসা পাঁচটি ব্র্যান্ডের মধ্যে তিনটিই প্রযুক্তি সম্পর্কিত। এগুলো হলো- অ্যামাজন, গুগল ও স্যামসাং।
'এশিয়ার অ্যাপেল' হিসেবে পরিচিত এইচটিসি তালিকায় ৯৮তম স্থানে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৫৩৫ ঘ.
bdnews24