সানা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আরব উপদ্বীপের আল কায়েদা নেতা আনোয়ার আওলাকির দেহবাশেষ ইয়েমেনে সমাহিত করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।
ইয়েমেনের যে স্থানে সিআইএর ড্রোন হামলায় আওলাকি নিহত হন তার কাছাকাছি একটি জায়গায় শনিবার তাকে সমাহিত করা হয়। মঙ্গলবার এ খবর জানিয়েছেন আওলাকি পরিবারের এক সদস্য।
আনোয়ার আওলাকি শুক্রবার ইয়েমেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ আল জাওফে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র একটি চালকবিহীন বিমান (ড্রোন) থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হন। এসময় তারসঙ্গী অপর কয়েকজন আল কায়েদা সদস্যও নিহত হন।
আনোয়ার আওলাকির ওই আত্মীয় জানান, আনোয়ারের পিতা শনিবার ইয়েমেনের রাজধানী সানা থেকে আল জাওফে যান। সেখানে তিনি কয়েকটি ছিন্নভিন্ন লাশের মধ্যে আনোয়ারের খন্ডবিখন্ড দেহাংশগুলো সনাক্ত করে সেগুলো কবরস্থ করেন।
আল কায়েদা এখনো আনুষ্ঠানিকভাবে আনোয়ার আওলাকির নিহত হওয়ার খবর স্বীকার করে নি।
নিহত আনোয়ার আওলাকি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং একজন প্রকৌশলী ছিলেন। তিনি আরবি ও ইংরেজি ভাষায় অনর্গল কথা বলতে পারতেন।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের একটি বিমানে বোমা পেতে রাখার ঘটনায় তাকে দায়ী করা হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মনোচিকিৎসক মেজর নিদাল হাসানের সাথে তার যোগাযোগ ছিল। ওই একই বছর যুক্তরাষ্ট্রের এক সামরিক ঘাঁটিতে হাসান গুলি করে ১৩ জনকে হত্যা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪১২ ঘ.
bdnews24