স্টকহোম, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রোগ প্রতিরোধে মানবদেহ কীভাবে কাজ করে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য এ বছর চিকিৎসায় নোবেল পুরস্কার পাচ্ছেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডার তিন বিজ্ঞানী।
এদের মধ্যে যুক্তরাষ্ট্রের ব্র"স বিউটলার এবং লুক্সেমবার্গে জন্মগ্রহণকারী ফরাসি জীববিজ্ঞানী জুলস হফম্যান এ গবেষণায় রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রাথমিক পর্যায় নিয়ে কাজ করেন। আর কানাডীয় বিজ্ঞানী রাল্ফ স্টেইনম্যান রোগ প্রতিরোধের পরবর্তী ধাপগুলোর কার্যকারিতা বোঝার জন্য ডেনড্রিটিক কোষ সনাক্ত করায় এ পুরস্কার পাচ্ছেন।
চিকিৎসা শাস্ত্রে এ বছরের নোবেল বিজয়ী হিসেবে সোমবার তাদের নাম ঘোষণা করে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের বিবৃতিতে বলা হয়, "এবারের নোবেল বিজয়ীরা মানবদেহে রোগ প্রতিরোধ ব্যবস্থার মূল সূত্র উদ্ভাবন করেছেন, যা এ বিষয়টি সম্পর্কে আমাদের ধারণায় 'বৈপ্লবিক' পরিবর্তন এনেছে।"
তাদের এই উদ্ভাবন রোগ প্রতিরোধে নতুন টিকা তৈরি এবং ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন করে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
নোবেল পুরস্কারের অর্থমূল্য বাবদ বাটলার ও হফম্যান পাবেন মোট পুরস্কারের অর্ধেক, অর্থাৎ ৫০ লাখ সুইডিশ ক্রোনার। বাকি ৫০ লাখ পাবেন স্টেইনম্যান।
তবে তিনজনের মধ্যে কানাডীয় বিজ্ঞানী রাল্ফ স্টেইনম্যান গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ৬৮ বছর বয়সে মারা গেছেন।
সোমবার একথা জানিয়েছে নোবেল পুরস্কার কমিটি এবং রকফেলার বিশ্ববিদ্যালয়- যেখানে স্টেইনম্যান কাজ করতেন।
নোবেল কমিটির এক কর্মকর্তা মৃত্যুর খবরটি নিশ্চিত করলেও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি।
আগামী মঙ্গলবার পদার্থবিদ্যায় এবং পরদিন রসায়নে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করবে নোবেল কমিটি। শুক্রবার শান্তিতে এবং ১০ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে।
আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১৮৪৭ ঘ.
bdnews24