হারারে, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে গত সপ্তাহে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সিঙ্গাপুরের একটি পত্রিকা এ খবর দিয়েছে।
মুগাবে ক্যান্সারে ভুগছেন বলে শোনা গেছে। চলতি বছর চিকিৎসার জন্য সপ্তমবারের মতো তিনি সিঙ্গাপুরে গেলেন। তার বয়স এখন ৮৮ বছর।
জিম্বাবুয়ের তথ্য ও প্রচার মন্ত্রী ওয়েবস্টার শামুকে উদ্ধৃত করে পত্রিকাটি জানায়, চলতি বছর সিঙ্গাপুরে মুগাবের চোখের ছানি অপসারণ করা হয় । ওই চোখ দেখাতেই তিনি সিঙ্গাপুরে গিয়েছেন।
এক বছর আগে রয়টার্সে এক সাক্ষাৎকারে মুগাবে তার অসুস্থতার গুঞ্জন নাকচ করেন। তার ক্যান্সার হয়েছে, ক্যান্সারে তিনি মারা যাচ্ছেন এবং স¤প্রতি তিনি পক্ষাঘাতে আক্রান্ত হয়েছেন এমন কথা শুনে হেসে ওঠেন তিনি।
উইকিলিকসের ফাঁস করা মার্কিন গোপন কূটনৈতিক বার্তানুযায়ী, মুগাবে প্রটেষ্ট ক্যন্সোরে আক্রান্ত এবং তার দেহের অন্যান্য অংশেও ক্যান্সার ছড়িয়ে পড়েছে। ২০০৮ সালের মধ্যেই ক্ষমতা ছেড়ে দিতে তাকে আহ্বান জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক।
২০০৮ সালের জুনে পাঠানো ওই বার্তানুযায়ী, মুগাবে পরবর্তী তিন কি পাঁচ বছরের মধ্যে মারা যাবেন বলে জিম্বাবুয়ের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর গিদেওন গোনো হারারেতে নিযুক্ত মার্কিন রাষ্টদূতকে জানান।
মুগাবের শরীর ভেঙে পড়ছে এ ধরনের খবর নিয়মিত পাওয়া গেলেও, মুগাবে গুরুতর কোন রোগে ভুগছেন এ বিষয়ে তিনি বা তার সরকারের কেউ কখনোই নিশ্চিতভাবে কিছু জানায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৪০ঘ.
bdnews24