ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগান জঙ্গী গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের অন্যতম প্রধান নেতা সিরাজ হাক্কানি দাবি করেছেন, সাবেক আফগান প্রেসিডেন্ট ও তালেবানের সাথে শান্তি আলোচনার শীর্ষ মধ্যস্থতাকারী বুরহানুদ্দিন রব্বানি হত্যার সাথে হাক্কানি নেটওয়ার্ক জড়িত নয়।
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই'র সাথে তাদের কোন সম্পর্ক নেই বলেও দাবি করেন সিরাজ।
স¤প্রতি বিবিসি পাঠানো লিখিত কিছু প্রশ্নের উত্তরে সিরাজ হাক্কানি একটি অডিও বার্তা পাঠান। অডিও বার্তাটি সিরাজ হাক্কানির বলেই নিশ্চিত হয়েছে বিবিসি। নিরাপত্তাজনিত কারণে মুখোমুখি সাক্ষাৎকার নেওয়া যায় নি বলেও জানিয়েছে বিবিসি।
বুরহানুদ্দিন রব্বানি গত ২০ সেপ্টেম্বর কাবুলে তার বাসভবনে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন। তালেবানের পক্ষ থেকে আসা এক ছদ্মবেশী বার্তাবাহকের সাথে সাক্ষাতের সময় ওই বার্তাবাহক তার পাগড়ির মধ্যে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে তিনি মারা যান।
আফগান সরকারী কর্মকর্তারা এ হামলার সাথে হাক্কানি নেটওয়ার্ক জড়িত বলে অভিযোগ করেন। এ হত্যা বিষয়ে তালেবান কোন মন্তব্য করতে অস্বীকার করে।
স¤প্রতি কাবুলে চালানো কয়েকটি দুর্ধর্ষ ধারাবাহিক হামলার জন্য হাক্কানি নেটওয়ার্ককে দায়ী করা হয়। হামলায় বহু মানুষ হতাহত হয়।
বিবিসির পাঠানো প্রশ্নের উত্তরে সিরাজ হাক্কানি সোজাসুজি বলেন, "আমরা বুরহানুদ্দিন রব্বানিকে হত্যা করিনি।"
আইএসআই'র সাথে হাক্কানি নেটওয়ার্কের সম্পর্কের বিষয়ে সিরাজ জানান, তাদের গোষ্ঠীর সাথে আইএসআই'র কোন সম্পর্ক নেই এবং আইএসআই'র কোন নির্দেশ তারা গ্রহণ বা পালন করে না।
আইএসআই'র সাথে যোগাযোগের কথা অস্বীকার করে ববং মার্কিনিদের সাথে যোগাযোগ আছে বলে জানান সিরাজ। তিনি বলেন, আফগান সরকারের সাথে আলোচনায় যোগ দিতে "আমেরিকানরা" তাকে রাজি করানোর চেষ্টা করছে।
কাবুলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলার বিষয়ে প্রশ্নের উত্তরে সিরাজ জানান, "কাবুলে যুক্তরাষ্ট্র দূতাবাস, ন্যাটো সদর দপ্তর ও অন্যান্য স্থাপনায় হামলার পেছনে আছে ইসলামিক আমিরাত।"
ওই হামলাগুলো "ইসলামিক আমিরাত"র "সামরিক পরিষদের" নির্দেশে চালানো হয় এবং এগুলো কোন ব্যক্তি পর্যায়ের কাজ নয় বলে জানান তিনি।
১৯৯৬ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর তালেবান নেতৃত্ব দেশটির নাম রাখে 'ইসলামিক আমিরাত'।
সিরাজ জানান, ১৯৮০'র দশকে আফগানিস্তানে সোভিয়েত সেনা মোতায়েন থাকার সময় পাকিস্তানের বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ বিশ্বের অনেক দেশের গোয়েন্দা সংস্থার সাথে মুজাহিদ যোদ্ধাদের যোগাযোগ ছিল।
তবে 'মার্কিনিদের দখলদারিত্ব'র পর তাদের কার্যক্রমে সহায়তা করতে পারে এমন অন্য কোন দেশের গোয়েন্দা সংস্থার সাথে তাদের কোন যোগাযোগ গড়ে ওঠে নি বলে জানান তিনি।
তিনি বলেন, "হাক্কানি নেটওয়ার্কের সাথে বিভিন্ন ইসলামিক ও অনৈসলামিক দেশের গোয়েন্দা সংস্থা যোগাযোগ গড়ে তুলছে এবং তোলার চেষ্টা করছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রও আছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা আমাদের পবিত্র জিহাদ ত্যাগ করে বর্তমান আফগান সরকারে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছে।"
তিনি বলেন, জিহাদ ত্যাগ করার সিদ্ধান্ত তার নেটওয়ার্ক এককভাবে নিতে পারবে না। তিনি অভিযোগ করেন, "আমরা জানি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য শান্তি নয়, তারা আমিরাতের (আফগানিস্তান) মুজাহিদদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়।"
আইএসআই'র সাথে সম্পর্কের অভিযোগে প্রসঙ্গে তিনি বলেন, "নিজেদের ব্যর্থতা ঢাকতে এবং মানুষকে বিভ্রান্ত করতে এসব কথা বলে তারা।"
হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হাক্কানির ছেলে সিরাজ হাক্কানি। হাক্কানি নেটওয়ার্কের অভিযান পরিচলানায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৩৪ ঘ.
bdnews24