মারুফ মল্লিক
জার্মানির বন থেকে
বন, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই জার্মানির এক হওয়া উপলক্ষে আয়োজিত 'ডয়েচেফেস্ট' অনুষ্ঠানে হামলা পরিকল্পনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।
বন সিটি অফিসের সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে, এ অনুষ্ঠানে হামলার পরিকল্পনা করছিলো এমন চার সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে এ উৎসবকে ঘিরে কোনো সুনির্র্দিষ্ট হুমকি নেই।
ওই ওয়েবসাইটে কোথায় কাদের আটক করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।
১৯৯০ সালের ৩ অক্টোবর পূর্ব ও পশ্চিম জার্মানি একত্রিত হওয়ার পর বিভিন্ন শহরে এ ডয়েচেফেস্ট অনুষ্ঠিত হয়ে থাকে। এ বছর উৎসবটি করা হচ্ছে বনে।
একইসঙ্গে নর্থ রাইন ভেস্টফেলিয়ার রাজ্যের সরকারি দিবসও একই সঙ্গে পালন করা হবে। এবারের এ উৎসবে জার্মানির চ্যান্সেলন এঙ্গেলা মরকেল ও প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান ভুলফ অংশগ্রহণ করবেন।
বন-এর মেয়র ইর্য়ুগেন নিমটশ বলেছেন, যে কোনো সমস্যা মোকাবেলার জন্য আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে এবং তারা সফল হয়েছে। আশা করি অতিথিরা কোনো ধরনের উদ্বেগ ছাড়াই আনন্দ উল্লাসের সঙ্গে এ অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।
ডয়েচেভেলের ওয়েবসাইটে বলা হয়েছে, রোববার পুলিশ জানিয়েছে সাবেক পশ্চিম জার্মানির রাজধানী বনের কাছ থেকে তিন সন্দেহভাজনকে আটক করা হয়। অন্য একজনকে পুলিশের হেফাজতে নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। তাদের কাছে অবৈধ অস্ত্র আছে বলে পুলিশের কাছে তথ্য ছিলো।
তবে তাদের কাছে কোনো অস্ত্র বা কোনো সংন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।
উৎসবের সাড়ে তিন বর্গকিলোমিটার
গত বছর ডুইসবোর্গের লাভ প্যারেডে পদপিষ্ট হওয়ার বিষয়টি মাথায় রেখে এবার বনের উৎসবকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শহরের কেন্দ্রীয় এলাকায় বাস চলাচল সীমিত করা হয়েছে। বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। শহর জুড়েই নিরাপত্তা কর্মীরা টহল দিচ্ছেন।
বন সিটি করপোরেশনের উৎসব প্রকল্পের উপ-পরিচালক ভিক্টোরিয়া আপেলবে বলেছেন, শহরের সাড়ে তিন বর্গকিলোমিটার এলাকাজুড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বন শহরের পুরনো অংশ থেকে জাতিসংঘ ক্যাম্পাস সর্বত্রই এখন উৎসবের আবহ। শনিবার ক্যাথেড্রাল চত্বরে কনসার্টের মধ্য দিয়ে তিনদিনের এ অনুষ্ঠান শুরু হয়। প্রথম দিনের অনুষ্ঠানে প্রায় এক লাখ মানুষ অংশ নেয় বলে বন সিটি অফিস সূত্রে জানা গেছে। দ্বিতীয় দিন জনসমাগম দুই লাখ ছাড়িয়ে যায়। ৩ অক্টোবরের (সোমবার) অনুষ্ঠানে এ সংখ্যা চার লাখ ছাড়িয়ে যাবে বল আয়োজকরা আশা করছেন যা বন নগরীর মোট অধিবাসীর চেয়েও বেশি।
উৎসব উপলক্ষে কনসার্ট, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, থিয়েটার, খেলাধুলা ও সেমিনারের আয়োজন করা হয়েছে। শহরের ম্যুনস্টার চত্বরে বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। এছাড়া গোটা বন নগরী জুড়েই বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বন শহরে এখন উৎসবের আমেজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএইচ/পিডি/০১১৯ ঘ.
bdnews24