২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফির জন্য প্রার্থনা, আসাদের প্রতি সংহতি

লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির জন্য প্রার্থনা করার পাশাপাশি 'ইয়াঙ্কি' আগ্রাসনের বিরুদ্ধে সিরীয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি সংহতি প্রকাশ করে বার্তা পাঠিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 06:33 AM

Updated : 24 Aug 2022, 04:27 PM

কারাকাস, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির জন্য প্রার্থনা করার পাশাপাশি 'ইয়াঙ্কি' আগ্রাসনের বিরুদ্ধে সিরীয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি সংহতি প্রকাশ করে বার্তা পাঠিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। শনিবার ভেনেজুয়েলার নাগরিকদের মধ্যে স্বল্পমূল্যের গৃহস্থালী যন্ত্রপাতি বিতরণের এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে শ্যাভেজ এ কথা জানান। অনুষ্ঠানটি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়। তিনি বলেন, "লিবিয়ার মানুষেরা দখল ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। আমি ঈশ্বরের কাছে আমাদের ভাই গাদ্দাফির জীবন রক্ষা করার আর্জি জানিয়েছি। তাকে হত্যা করার জন্য খুঁজে বেড়াচ্ছে তারা। "কেউ জানে না গাদ্দাফি কোথায় আছেন। আমার মনে হয় প্রতিরোধ যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি মরুভূমিতে চলে গেছেন। এছাড়া কিই বা তার করার আছে।" আরব অঞ্চলের সাম্প্রতিক সরকারবিরোধী গণঅভ্যুত্থানকে 'পশ্চিমাদের সৃষ্ট অস্থিরতা' হিসেবে উল্লেখ করেন গাদ্দাফির ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত শ্যাভেজ। "আমি গতকাল আমাদের ভাই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে কথা বলেছি। এখান থেকে আমরা সিরিয়ার জনসাধারণের প্রতি সংহতি প্রকাশ করছি, প্রেসিডেন্ট বাশারের প্রতি সংহতি প্রকাশ করছি। তারা মার্কিন সাম্রাজ্যবাদ এবং তার দোসর ইউরোপীয় মিত্রদের সাম্রাজ্যবাদী আগ্রাসন প্রতিরোধ করছে।" আসছে ২০১২ সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন। শ্যাভেজবিরোধীরা আরব একনায়কদের প্রতি তার সমর্থন ও গাদ্দাফির সঙ্গে বন্ধুত্বকে, একনায়কত্বের প্রতি তার দুর্বলতা হিসেবে প্রচার করছে। অবশ্য এ প্রচারণাকে পাত্তা দিচ্ছেন না শ্যাভেজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১২২৭ ঘ.