ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগ দাবিতে স্বাধীনতা চত্বরে (তাহরির স্কয়ার) সমবেত হওয়া বিক্ষোভকারীদের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে শান্তিতে নোবেলজয়ী এল বারাদি বলেছেন, "পরিবর্তন আসছে"।
সমবেত বিক্ষোভকারীদের উদ্দেশে বারাদি বলেন, "আপনাদের অধিকার আদায় করে নিতে হবে, যে আন্দোলন শুরু হয়েছে তা থেকে সরে যাওয়া যাবে না।"
বারাদি আরো বলেন, "আমি মিসরের জনগণের প্রতি সশ্রদ্ধ অভিবাদন জানাই। আপনারা ধৈর্য ধারণ করুন, কিছু দিনের মধ্যেই পরিবর্তন আসছে।"
বিবিসি জানায়, মিসরে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ সপ্তম দিনে গড়িয়েছে।
কায়রোর স্বাধীনতা চত্বর এখন বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে। প্রেসিডেন্ট মোবারক পদত্যাগ না করা পর্যন্ত তারা সেখান থেকে সরে যাবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। সেখানে সেনাবাহিনীর ট্যাঙ্ক মোতায়েন রয়েছে।
তবে বিক্ষোভকারীদের সঙ্গে সৈন্যদের বিরোধ বা সংঘর্ষের কোন ঘটনা ঘটেনি। বরং তাদের মধ্যে সহাবস্থানের মনোভাব দেখা গেছে।
গত কয়েকদিনে মিসরে বিক্ষোভরাকীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শতাধিক লোক নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২০০ ঘ.
bdnews24