কায়রো, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পথে পথে লুটপাট, আগুন আর ভাংচুরে অরাজকতা নেমে এসেছে মিশরে। পুলিশ ও সরকারবিরোধীদের সংঘর্ষে নিহত হয়েছে শতাধিক। তবে এরপরও প্রেসিডেন্ট হোসনি মোবারক পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করে বিরোধীদের সঙ্গে সংলাপের প্রস্তাব দিয়েছেন।
সংস্কারের দাবিতে প্রায় এক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে কায়রোসহ বড় শহরগুলোতে। শুরুতে শান্তিপূর্ণ হলেও পরে তা সহিংস রূপ নেয়, জারি করা হয় সান্ধ্য আইন। তারপরও পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে।
শনিবার বিভিন্ন স্থানে ব্যাপক ভাংচুর, লুটপাট আর আগুনে দেশজুড়ে আতঙ্ক নেমে আসে। সরকারি বিভিন্ন ভবন, ব্যাংক, বিপণী বিতানে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। আর এর সুযোগ নিয়ে অনেকে চালায় লুটপাট।
"তারা মিশরকে ধুলায় মিশিয়ে দেবে", ক্ষোভ প্রকাশ করে বলেন শফিক নামে ৩৫ বছর বয়সি এক ব্যক্তি।
আন্দোলনের মুখে শুক্রবার মন্ত্রিসভা ভেঙে দেন প্রেসিডেন্ট। শনিবার গোয়েন্দা বাহিনীর প্রধান ও তার রাজনৈতিক সহকর্মী ওমর সুলাইমানকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর পরপরই বিমান বাহিনীর সাবেক কমান্ডার ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী আহমেদ শফিককে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন মোবারক।
সরকার পুনর্গঠনের এ উদ্যোগকে অনেকে ইতিবাচক বললেও সরকারবিরোধীরা সান্ধ্য আইন উপেক্ষা করে রাজপথে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।
"এটা আমরা মানবো না। মোবারককে ক্ষমতা ছাড়তে হবে। তা না দেখা পর্যন্ত বিক্ষোভ চলবে", বলেন মোহাম্মদ এসায়ি। ২৬ বছর বয়সি এ ছাত্রও বিক্ষোভে সামিল হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১২১৩ ঘ.
bdnews24