২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইভরি কোস্টের সমস্যা সমাধানে প্যানেল গঠন করছে এইউ

আইভরি কোস্টের রাজনৈতিক অচলাবস্থা দূর করার লক্ষ্যে রাষ্ট্রপ্রধানদের সমন্বয়ে একটি প্যানেল গঠন করছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)। আইনিভাবে এ সমস্যা সমাধানে এই প্যানেলকে একমাসের সময় দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2011, 08:21 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইভরি কোস্টের রাজনৈতিক অচলাবস্থা দূর করার লক্ষ্যে রাষ্ট্রপ্রধানদের সমন্বয়ে একটি প্যানেল গঠন করছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)। আইনিভাবে এ সমস্যা সমাধানে এই প্যানেলকে একমাসের সময় দেওয়া হবে। মৌরিতানিয়ার প্রেসিডেন্টসূত্রে বিবিসি এ খবর জানায়। এরআগে এইউ ওয়াত্তারাকে সমর্থন জানালেও উগান্ডার প্রেসিডেন্ট ইউরি মিউসবেনি সম্প্রতি মন্তব্য করেছেন, এতো দ্রুত ওয়াত্তারাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়া জাতিসংঘের ঠিক হয়নি। শুক্রবার এইউ-এর শান্তি ও নিরাপত্তা কাউন্সিলের বৈঠক হয় ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায়। বৈঠক শেষে এইউ-এর সর্বশেষ পদক্ষেপ প্যানেল গঠন প্রসঙ্গে মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ আবদেল আজিজ সাংবাদিকদের বলেন, আফ্রিকার এই সমস্যা মোকাবিলায় আফ্রিকান সমাধানই তারা খুঁজছেন। পাঁচ রাষ্ট্রপ্রধানের সমন্বয়ে এই প্যানেল গঠিত হবে। ৪৮ ঘণ্টার মধ্যে প্যানেল সদস্যদের নাম ঘোষণা করা হবে বলে এইউ-এর এক মুখপাত্র জানান। আইভরি কোস্টে ২৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বাগবোর প্রতিপক্ষ আলাসানে ওয়াত্তারাই জয়ী হয়েছে বলে মনে করে আন্তর্জাতিক মহল। তারা চায় বাগবো যত দ্রুত সম্ভব ওয়াত্তারার হাতে ক্ষমতা ছেড়ে দিক। দেশটির নির্বাচন কমিশনের ফলাফলেও ওয়াত্তারা বিজয়ী হয়েছেন। কিন্তু ওই ফলাফল প্রত্যাখ্যান করে সাংবিধানিক পরিষদের সহায়তায় পুনরায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বাগবো। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে ওয়াত্তারাও পৃথকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। বর্তমানে ওয়াত্তারা আবিদজানে একটি হোটেলে থেকে সমান্তরাল সরকার পরিচালনা করছেন। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। এই পরিস্থিতিতে দেশটিতে বর্তমানে দুই প্রেসিডেন্ট অবস্থান করছেন। কিন্তু ক্রমাগত আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ক্ষমতা আঁকড়ে রয়েছেন বাগবো। এ নিয়ে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে নির্বাচনপরবর্তী সময়ে ক্ষমতা হস্তান্তরকে কেন্দ্র করে সহিংসতায় দেশটিতে প্রায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এএইচ/১৭৩৩ ঘ.